চট্টগ্রাম বন্দরের কর্মীদের চার রঙের নিরাপত্তা জামা
নির্ধারিত রঙের নিরাপত্তা জামা পরে চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করার নিয়ম চালু হচ্ছে। গতকাল রোববার বন্দরের একটি কনটেইনার রাখার চত্বরে বন্দরের কর্মচারী ও ব্যবহারকারী প্রতিষ্ঠাগুলোর শ্রমিক-কর্মচারীদের মধ্যে এসব জামা বিতরণ করা হয়।
‘কালার কোডেড সিকিউরিটি ওয়েস্টকোট’ পরিধান শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আলমগীর কবির বক্তব্য দেন। এ সময় বন্দর ব্যবহারকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন্দরের শ্রমিক, চালক ও চালকের সহকারীদের জন্য কমলা রঙের, বন্দরের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সবুজ রঙের, বন্দর কর্মচারীদের জন্য নীল রঙের এবং বন্দর সংরক্ষিত এলাকা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের জন্য হলুদ রঙের নিরাপত্তা জামা নির্ধারণ করা হয়েছে। ব্যবহারকারী সংস্থাগুলো নিজেদের শ্রমিক-কর্মচারীদের জন্য এসব জামা সরবরাহ করবে। প্রথম ধাপে গতকাল দুই হাজার নিরাপত্তা জামা বিতরণ করা হয় শ্রমিক-কর্মচারীদের মধ্যে। পর্যায়ক্রমে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারী সংস্থাগুলো নিজেদের শ্রমিক-কর্মচারীদের মধ্যে প্রায় ১৪ হাজার নিরাপত্তা জামা সরবরাহ করবে। দুই-তিন মাসের মধ্যে নির্ধারিত জামা পরে বন্দরে প্রবেশে বাধ্যবাধকতা আরোপ করা হবে।
শ্রমিকদের জন্য নানা কল্যাণমূলক সুযোগ-সুবিধা নেওয়ার কথা তুলে ধরে নৌমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানস্থলে সারিবদ্ধভাবে দাঁড়ানো শ্রমিকদের একাংশ প্রতিবাদ জানায়। এ সময় শ্রমিকরা উচ্চ স্বরে মন্ত্রীর উদ্দেশে নিজেদের অসন্তোষের কথা জানান। তাঁরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে চিৎকার করেন।