চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করা গাছের গুঁড়িতে ছেয়ে গেছে চট্টগ্রাম বন্দর জেটির আশপাশের এলাকা। আমদানিকারকেরা ঠিকমতো খালাস না করায় প্রতিদিনই বাড়ছে গুঁড়ির স্তূপ। এতে সাধারণ কার্গো বার্থ-জিসিবির ১২টি জেটিতে জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যাঘাত ঘটছে। এদিকে গাছের গুঁড়ির আমদানি বেড়ে যাওয়ায় বন্দরের পরিচালন কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় বন্দর কর্তৃপক্ষ আগামী ২৫ এপ্রিল থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে চার গুণ হারে জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।বন্দরের পরিবহন বিভাগের পরিচালক গোলাম সরওয়ার গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গাছের গুঁড়ির স্তূপ জমে গেছে। এ কারণে দণ্ডভাড়া আরোপ করা হচ্ছে। এতে গাছের গুঁড়ি দ্রুত খালাস হবে এবং বন্দরের পরিচালন কার্যক্রমে বাড়বে বলে তিনি মন্তব্য করেন।বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে এখন ১১ হাজার ৯৫৩ মেট্রিক টন গাছের গুঁড়ি পড়ে আছে। বন্দর জেটিতে বাংলার মণি জাহাজ থেকে খালাস হচ্ছে প্রায় আট হাজার টন গাছের গুঁড়ি। ১৫ হাজার ৩৬৭ টন নিয়ে বহির্নোঙরে ভিড়েছে আরও দুটি জাহাজ।বন্দরের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, গাছের বিশাল ওজনের গুঁড়ি বন্দরের পণ্য রাখার শেড বা ছাউনির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। যে কারণে জেটিতে পণ্য আনা-নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।জানা গেছে, বন্দরে চার দিন পর্যন্ত গাছের গুঁড়ি বিনা ভাড়ায় রাখা যায়। এরপর প্রথম সপ্তাহে প্রতিদিন টনপ্রতি ১৬ টাকা ৭২ পয়সা, দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন ৪১ টাকা ৮০ পয়সা এবং এরপর প্রতিদিন ৬৬ টাকা ৮৮ পয়সা হারে ভাড়া দিতে হয়। এর ওপর চার গুণ দণ্ডভাড়া আরোপ হলে প্রতি টন পণ্যে দৈনিক সর্বোচ্চ ২৬৭ টাকা ৫২ পয়সা ভাড়া দিতে হবে।