চট্টগ্রাম বন্দরের জট সিঙ্গাপুরে

আমদানি পণ্যভর্তি কনটেইনার প্রতিনিয়ত নামানো হচ্ছে জাহাজ থেকে। তবে যে হারে কনটেইনার নামছে, সে হারে বন্দর চত্বর থেকে খালাস হচ্ছে না। ঈদের ছুটি শেষ হওয়ার পরও চলছে এ অবস্থা। ফলে প্রতি ঘণ্টায় বন্দর চত্বরে কনটেইনারের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে কমছে রাখার জায়গা।
কনটেইনারের স্তূপের কারণে এখন জাহাজ থেকে কনটেইনার নামানো ও স্থানান্তর কার্যক্রমে সময় লাগছে বেশি। কোনো কোনো জাহাজকে এখন জেটিতে ভিড়ানোর জন্য দুই থেকে চার দিনও অপেক্ষা করতে হচ্ছে। জাহাজের অবস্থানের সময় বেড়ে যাচ্ছে। ফলে সিঙ্গাপুর বন্দরে চট্টগ্রামগামী কনটেইনারের স্তূপ জমছে।
জানতে চাইলে ফিডার জাহাজ পরিচালনাকারী সংস্থা (ফিডার অপারেটর) সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘সিঙ্গাপুর বন্দরে এখন চট্টগ্রামগামী আমদানি পণ্যভর্তি প্রায় আট হাজার কনটেইনার জমে গেছে। সিঙ্গাপুরে জমে থাকা কনটেইনারের বেশির ভাগ পোশাকশিল্পের কাঁচামাল রয়েছে। এগুলো চীন, কোরিয়াসহ দূরপ্রাচ্যের দেশ থেকে আমদানি হয়েছে। তবে কলম্বো ও তানজুম পালাপাস বন্দরে চট্টগ্রামগামী কনটেইনারের সংখ্যা খুব তেমন বাড়েনি।’
বিশ্বের বিভিন্ন বন্দর থেকে বড় জাহাজে করে চট্টগ্রামগামী কনটেইনার প্রথমে আনা হয় শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পালাপাস এবং সিঙ্গাপুর বন্দরে। এরপর এসব বন্দর থেকে ফিডার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনার আনা হয়।
কনটেইনারজটের কারণ সম্পর্কে জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, গতবারের চেয়ে এবার ঈদের ছুটির সময় আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহন হঠাৎ বেড়ে গেছে। কিন্তু ছুটিতে বন্দর থেকে পণ্য খালাসের হারসহ নানা কার্যক্রমে স্থবিরতা থাকে। ফলে কনটেইনার পরিবহনের পুরো প্রক্রিয়ায় ধীরগতি চলছে।
যোগাযোগ করা হলে মায়ের্সক লাইন বাংলাদেশ লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখন সিঙ্গাপুর বন্দরে বড় জাহাজ থেকে নামানোর পর চট্টগ্রামগামী ফিডার জাহাজে কনটেইনার তুলতে আট থেকে ১০ দিন অপেক্ষা করতে হচ্ছে। স্বাভাবিক অবস্থায় এই সময় ছিল তিন-চার দিন।
চট্টগ্রামেও কনটেইনারের স্তূপ: গতকাল সকাল আটটা পর্যন্ত বন্দর চত্বরে পড়েছিল ৩৪ হাজার ১৫৬টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার। গতকাল সকালের পর নয়টি জাহাজ থেকে কনটেইনার নামানো হচ্ছিল। সন্ধ্যায় এই সংখ্যা প্রায় ৩৫ হাজারে উন্নীত হওয়ার কথা। বন্দরের ইতিহাসে একসঙ্গে বন্দর চত্বরে এত বেশি কনটেইনার কখনোই ছিল না।
পড়ে থাকা কনটেইনারের মধ্যে আমদানি পণ্যভর্তি কনটেইনার রয়েছে প্রায় ২৮ হাজার। এসব কনটেইনারে পোশাকশিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সামগ্রী, বিভিন্ন শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য ইত্যাদি রয়েছে।
বন্দরের হিসাব অনুযায়ী, এখন বন্দরের সবগুলো চত্বরে ৩৬ হাজার ৩৫৭টি কনটেইনার রাখার জায়গা আছে। এ হিসাবে গতকাল সকাল পর্যন্ত ধারণক্ষমতার প্রায় ৯৪ শতাংশ জায়গা পূর্ণ হয়ে আছে। কনটেইনার স্থানান্তর, খালাসসহ পরিচলন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অন্তত ৩০ শতাংশ জায়গা খালি রাখতে হয়। কিন্তু ধারণক্ষমতার মাত্র ৬ শতাংশ জায়গা খালি থাকায় পরিচলন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
স্থবিরতার কারণে এখন বহির্নোঙরেও কনটেইনারবাহী জাহাজগুলোকে জেটিতে ভিড়ানোর জন্য অপেক্ষা করতে হচ্ছে।
জানতে চাইলে আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্টদের সংগঠনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রথম আলোকে জানান, ঈদের ছুটির এক দিন পর দুই দিনের সাপ্তাহিক ছুটি ছিল। এ কারণে কনটেইনার খালাসের হারও ছিল কম। তবে আজ থেকে পুরোদমে বন্দর চত্বর থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হলে এ সপ্তাহে বন্দর চত্বরে কনটেইনারের সংখ্যা কমে আসবে।
জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, প্রতিটি ফিডার জাহাজের ধারণক্ষমতাভেদে প্রতিদিনের খরচসহ ভাড়া পড়ে ৮ থেকে ১০ হাজার মার্কিন ডলার। বন্দরে বাড়তি সময় অবস্থানের জন্য এই খরচ প্রথমেই বহন করতে হবে জাহাজ পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোকে। তবে দীর্ঘ সময় এই অবস্থা চললে কনটেইনার পরিবহনের ওপর অতিরিক্ত ভাড়া (সারচার্জ) আরোপ করে এই ক্ষতি পুষিয়ে নেয় কোম্পানিগুলো।
আবার আমদানিকারকেরা পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে খালাস না করায় তাঁদেরই ক্ষতির ভার বহন করতে হয়। জাহাজ থেকে নামানোর পর চার দিন বন্দর চত্বরে বিনা ভাড়ায় রাখা যায় কনটেইনার। এর পর থেকে প্রতিদিনের জন্য ২০ ফুট দীর্ঘ কনটেইনারে স্তরভেদে ৬, ১২ ও ২৪ ডলার করে ভাড়া গুনতে হয়। এই টাকা বন্দরের কোষাগারে জমা হলেও এর চেয়ে বেশি হারে ক্ষতিপূরণ দিতে হয় কনটেইনারের মালিকপক্ষ বিদেশি কোম্পানিগুলোকে।
বন্দর চত্বরে কনটেইনারের সংখ্যা বাড়ছে, কমছে রাখার জায়গা। স্থানান্তরে সময় লাগছে বেশি। ফলে কনটেইনার পরিবহনের পুরো প্রক্রিয়ায় ধীরগতি চলছে
এখন বন্দরের সবগুলো চত্বরে ৩৬ হাজার ৩৫৭ কনটেইনার রাখার জায়গা আছে। গতকাল পর্যন্ত স্তূপ জমেছে ৩৪ হাজার ১৫৬টির
পরিচলন কার্যক্রম স্বাভাবিক রাখতে কনটেইনার ধারণক্ষমতার ৩০ শতাংশ জায়গা খালি থাকা দরকার। কিন্তু এখন আছে মাত্র ৬ শতাংশ
“সিঙ্গাপুর বন্দরে এখন চট্টগ্রামগামী আমদানি পণ্যভর্তি প্রায় আট হাজার কনটেইনার জমে গেছে। সিঙ্গাপুরে জমে থাকা কনটেইনারের বেশির ভােগ পোশাকশিল্পের কাঁচামাল রয়েছে
ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী
নির্বাহী পরিচালক, সি কনসোর্টিয়াম