চট্টগ্রাম বন্দরের জন্য এডিবির সহায়তা কামনা
চট্টগ্রাম বন্দর ও শহরের পরিবহনব্যবস্থা আলাদা করার উপায় খোঁজা নিয়ে সমীক্ষা চালাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন বন্দর এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁরা এডিবির অর্থায়নে বাস্তবায়িত টোল সড়ক সংস্কারেও সহায়তা চান।
এডিবির নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট উইনকাই ঝাংয়ের সঙ্গে গতকাল মঙ্গলবার বন্দর ভবনে অনুষ্ঠিত এক সভায় সহযোগিতা চান সরকারি কর্মকর্তারা। উইনকাই ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন। বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, বন্দর পর্ষদের সদস্য আবদুল হান্নান শেখ, কমোডর এম শাহজাহান, কমোডর জুলফিকার আজিজ, সচিব আলাউদ্দিন মিয়া, টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পণ্য আনা-নেওয়াসহ বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, বন্দরের পণ্য পরিবহন যাতে শহরের পরিবহনব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জবাবে এডিবির ভাইস প্রেসিডেন্ট এ বিষয়ে একটি সমীক্ষা প্রণয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বন্দর সূত্র জানায়, ‘চিটাগাং পোর্ট ট্রেড ফ্যাসিলিটেশন’ শীর্ষক প্রকল্পে তিন কোটি ছয় লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছে এডিবি।