চট্টগ্রাম বন্দরের জরাজীর্ণ জেটিতেই ৫০ ভাগ কনটেইনার ওঠানো-নামানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৪ সালে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ৭ থেকে ১৩ নম্বর পর্যন্ত সাতটি জেটি নির্মাণ করা হয়। তখনো বিশ্বে জাহাজে পরিবহনের কনটেইনার আবিষ্কৃত হয়নি। বস্তায় ভরে আমদানি বা খোলা (বাল্ক) পণ্য পরিবহনের জন্য এসব জেটি তৈরি করা হয়েছিল।প্রায় ৫৭ বছরের পুরোনো এই সাত জেটির পাঁচটিসহ মোট ছয়টিতেই এখন বন্দরের ৫০ শতাংশের বেশি কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। এসব জেটি প্রতিনিয়ত মেরামত করে সচল রাখতে হয়। এই ছয়টি ছাড়া চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) দুটি জেটি এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দুটি জেটিতে বাকি ৫০ শতাংশ কনটেইনার ওঠানো-নামানো হয়। এর মধ্যে শুধু সিসিটিতে চারটি গ্যান্ট্রি ক্রেন দিয়ে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয়। সদ্য শেষ হওয়া ২০১০-১১ অর্থবছরে জেটিভিত্তিক পণ্য পরিবহনের পরিসংখ্যানে দেখা যায়, পুরোনো ছয়টি জেটিতে (জিসিবি) প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে সাত লাখ ৪১ হাজার ৩২৬টি কনটেইনার ওঠানো-নামানো হয়।সিসিটি টার্মিনালের দুটি জেটিতে চার লাখ ৫২ হাজার ৬২৬ এবং এনসিটি টার্মিনালের দুটি জেটিতে দুই লাখ ৭৪ হাজার ৯৬২টি কনটেইনার ওঠানো-নামানো হয়।অর্থা ৎ বন্দরে মোট কনটেইনার ওঠানো-নামানোর ৫০ দশমিক ৪৬ শতাংশ পুরোনো জেটিতে এবং ৪৯ দশমিক ৫৪ শতাংশ নতুন জেটিতে হচ্ছে।বন্দর গবেষক সুলতান মাহমুদ মনে করেন, এসব পুরোনো জেটিতে স্বাভাবিক ক্ষমতার চেয়ে বেশি কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো কনটেইনার ওঠানো-নামানোয় দক্ষতা দেখালেও পুরোনো জেটির ওপর বেশি নির্ভরতা ভালো লক্ষণ নয়। কেননা, পুরোনো জেটি থেকে নতুন জেটিতে কনটেইনার পরিবহন স্থানান্তর করা না গেলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হবে। প্রতিবছর কনটেইনার ওঠানো-নামানোর বাড়তি হার সামাল দেওয়ার মতো প্রকৃত অর্থে দেশে বিকল্প বন্দর নেই।বন্দর-সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা যায়, ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যালকম ম্যাকলিন কনটেইনার আবিষ্কারের ২০ বছর পর ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন শুরু হয়। সে সময় সাধারণ পণ্য ওঠানো-নামানোর এসব জেটিই ছিল মূল ভরসা। প্রথম বছর এক জাহাজে ছয়টি কনটেইনার আমদানি হয়। এরপর ধীরে ধীরে কনটেইনারে পণ্য পরিবহনের জনপ্রিয়তা বাড়ার প্রভাব পড়ে এখানেও। বন্দরের প্রথম কনটেইনার জেটি সিসিটি নির্মাণের আগ পর্যন্ত এসব পুরোনো জেটিই ছিল মূল ভরসা।জানা যায়, সিসিটির দুটি জেটি নির্মাণের পর কনটেইনার পরিবহন বাড়তে থাকায় পুরোনো জেটির ওপর নির্ভরতা কমেনি। নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মিত হলেও পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দিতে বিলম্ব হচ্ছে। এ কারণে বাড়তি কনটেইনার ওঠানো-নামানোয় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এসব জেটির ওপর।বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি খাতে পুরোদমে চালু হবে বলে আশা করছি। ১০টি গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে এই টার্মিনালে বছরে অন্তত ১০ লাখ কনটেইনার ওঠানো-নামানো যাবে। তখন পুরোনো জেটির ওপর নির্ভরতা কমবে। এরপর পুরোনো জেটির তিনটি ভেঙে নতুন একটি টার্মিনাল করা হবে।’ পরিকল্পনা অনুযায়ী এসব শেষ করা গেলে কনটেইনার ওঠানো-নামানোয় সমস্যা হবে না বলে তিনি মন্তব্য করেন।