চট্টগ্রাম বন্দরের জাহাজজটে পোশাকশিল্প গভীর সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের সংকট ও পোশাক খাতের সার্বিক পরিস্থিতি বিষয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বক্তব্য দেন l প্রথম আলো
চট্টগ্রাম বন্দরের সংকট ও পোশাক খাতের সার্বিক পরিস্থিতি বিষয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বক্তব্য দেন l প্রথম আলো

চট্টগ্রাম বন্দরে টানা আড়াই মাসের জাহাজজটের কারণে পোশাকের কাঁচামালবোঝাই জাহাজকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে কনটেইনার ও জাহাজ ভাড়া বাবদ অতিরিক্ত জরিমানা দিচ্ছেন মালিকেরা। অন্যদিকে সময়মতো রপ্তানি পণ্য পাঠানো যাচ্ছে না। পণ্যবাহী কনটেইনার না নিয়েই জাহাজের বন্দর ছেড়ে যাওয়া ঘটনাও ঘটছে, যা ইতিহাসে কখনোই ঘটেনি।

 ‘চট্টগ্রাম বন্দরে পোশাকশিল্পের আমদানি করা মালামাল খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণে জটিলতা এবং পোশাক খাতের সার্বিক পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা এভাবেই উদ্বেগ জানিয়েছেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির প্রমুখ।

বিজিএমইএর নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশের ক্রেতারা সময়মতো পোশাক পাবে না। আর প্রতিনিয়ত এমনটি হলে ক্রেতারা তাদের পোশাক তৈরির ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম, ইথিওপিয়া ও মিয়ানমারের মতো দেশে সরিয়ে নিতে পারে।

চট্টগ্রাম বন্দরের চলমান সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, ‘পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে আমরা যখন আপ্রাণ চেষ্টা করছি, তখন মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো আমাদের সামনে এসেছে চট্টগ্রাম বন্দর সংকট।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় এবং পর্যাপ্ত জেটি ও ইয়ার্ড নির্মাণ করার জন্য ২০০৪ সাল থেকে বিজিএমইএ জোরালোভাবে বলে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় নৌপরিবহনমন্ত্রী, সংসদীয় কমিটি ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে আসছি। কিন্তু আমরা উন্নতি লক্ষ করছি না।’

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর জন্য যন্ত্রপাতি প্রয়োজন ২৯৯টি, তবে আছে মাত্র ৮৭টি। কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ৮৯৫টি যন্ত্রপাতির প্রয়োজন হলেও বর্তমানে আছে ২৮৫টি। এমন তথ্য দিয়ে বন্দর সচল রাখতে বিজিএমইএর সভাপতি বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য, বিকল দুটি গ্যান্ট্রি ক্রেন দ্রুত মেরামত, কনটেইনার ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরকারিভাবে ক্রয় কিংবা ভাড়া নিয়ে সংকট মোকাবিলা, পোশাকের কাঁচামালবাহী এফসিএল কনটেইনার শুল্কায়নসহ এক কর্মদিবসে বিতরণ, পতেঙ্গা টার্মিনাল নির্মাণকাজ শিগগিরই শুরু করা, কনটেইনারবাহী জাহাজকে অগ্রাধিকার দেওয়া, বন্দরের জেটিতে আরও এলসিএল শেড নির্মাণ করা ইত্যাদি।