চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় বসছে ভ্রাম্যমাণ স্ক্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা তদারকিতে একটি ভ্রাম্যমাণ স্ক্যানার চালু করা হচ্ছে। গাড়ির মতো স্ক্যানারটি ট্রাক-কাভার্ড ভ্যান বা কনটেইনারভর্তি পণ্যে কোনো বিস্ফোরক, অস্ত্র বা নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কোনো পণ্য আছে কি না, তা যাচাই-বাছাইয়ের কাজে ব্যবহার করা হবে। আগামী জানুয়ারি মাসে স্ক্যানারটি চালু হবে।জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত মে মাসে বন্দরে নিরাপত্তা তদারকির জন্য ছয়টি স্ক্যানার বসানোর সুপারিশ করে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও গত ৬ জুন এক চিঠিতে ঢাকামুখী কনটেইনার যথাযথ পর্যবেক্ষণের জন্য আধুনিক স্ক্যানার সরঞ্জাম বসানোর নির্দেশ দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একটি ভ্রাম্যমাণ স্ক্যানার বসানোর প্রক্রিয়া শুরু করে।বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরে কাস্টম হাউসের নিয়ন্ত্রিত চারটি স্ক্যানার রয়েছে। এসব স্ক্যানারের মাধ্যমে বন্দর থেকে বেসরকারি ডিপোগামী আমদানি পণ্যভর্তি কনটেইনার স্ক্যানিং করা হয়। এ ছাড়া কারখানা চত্বরে কনটেইনার নিয়ে যেগুলো খালাস হচ্ছে, সেগুলোও এই প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে। যেগুলো বন্দর থেকে খুলে ট্রাক বা কাভার্ড ভ্যানে পরিবাহিত হচ্ছে, সেগুলো স্ক্যানিংয়ের দরকার হয় না। তবে রেলপথে ঢাকায় কমলাপুর কনটেইনার ডিপোগামী কনটেইনার স্ক্যানিংয়ের জন্য কোনো ব্যবস্থা নেই। রপ্তানি পণ্যবাহী কনটেইনারের সবগুলো স্ক্যানিং ছাড়াই যাচ্ছে বিভিন্ন দেশে।জানা গেছে, কাস্টম হাউস-নিয়ন্ত্রিত স্ক্যানার মূলত কনটেইনারভর্তি আমদানি পণ্যে অপঘোষণা আছে কি না, তা যাচাই-বাছাই করে। স্ক্যান করার পর সন্দেহ হলে কনটেইনার খুলে সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অপঘোষণায় আনা পণ্য যাচাই-বাছাই করার সুযোগ নেই বন্দর কর্তৃপক্ষের। শুধু নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখার সুযোগ আছে। এ কারণে নতুন স্ক্যানার দিয়ে শুধু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানা গেছে।জানতে চাইলে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন গত বুধবার প্রথম আলোকে বলেন, এই স্ক্যানারের সঙ্গে শুল্কায়নের কোনো সম্পর্ক নেই। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বন্দরের নিরাপত্তার দিকটি দেখার কথা বন্দরের নিরাপত্তা বিভাগের। এ জন্য যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ কোম্পানি থেকে এই স্ক্যানার কেনা হচ্ছে বলে তিনি জানান।বন্দর সূত্রে জানা গেছে, ২০১১ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্যবাহী দুই লাখ ৫০ হাজার ৯৭ বাক্স কনটেইনার স্ক্যানিং ছাড়াই পরিবহন করা হয়। এর বাইরে ঢাকার কমলাপুর আইসিডিতে স্ক্যানিং ছাড়াই খালাস হয় ২০ হাজার ৬৫৪ বক্স আমদানি পণ্যভর্তি কনটেইনার। অর্থাৎ বন্দর দিয়ে পরিবাহিত আমদানি-রপ্তানি পণ্যবাহী দুই লাখ ৭০ হাজার ৭৫১ বক্স কনটেইনার স্ক্যানিংয়ের আওতার বাইরে রয়ে যায়।বন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে একটি স্ক্যানার বসানো হলে বন্দরের কনটেইনার ও পণ্য পরিবহনের তুলনায় তা অপ্রতুল। এ কারণে ধাপে ধাপে আরও পাঁচটি স্ক্যানার কেনার পরিকল্পনা আছে বন্দর কর্তৃপক্ষের।