চট্টগ্রাম বন্দরের বহরে নতুন টাগবোট
চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হয়েছে নতুন টাগবোট ‘কান্ডারি-১১’। গতকাল শনিবার বিকেলে বন্দরের এনসিটি জেটিতে এটি উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
বন্দরের জন্য টাগবোটটি নির্মাণ করেছে নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স। এতে বন্দরের খরচ হয়েছে ৩৪ কোটি টাকা। এই টাগবোটটির অশ্বক্ষমতা পাঁচ হাজার ২০০।
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্সের চেয়ারম্যান সায়ফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাগর থেকে বন্দর জেটিতে সমুদ্রগামী জাহাজ আনা-নেওয়ার কাজে টাগবোটের সহায়তা নেওয়া হয়। এ ছাড়া এক জেটি থেকে আরেক জেটিতে জাহাজ স্থানান্তরের সময়ও সাহায্যকারী জাহাজ হিসেবে টাগবোট ব্যবহৃত হয়। জাহাজ আনা-নেওয়া ছাড়াও আগুন নিয়ন্ত্রণ, নদী ও সমুদ্রদূষণ রোধে এটি ব্যবহারের সুযোগ আছে। এটি নিয়ে টাগবোটের সংখ্যা দাঁড়াল আটটিতে।
এর আগে বিএসসির মেরিন ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। প্রায় ৩০ বছর পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মেরিন ওয়ার্কশপ আধুনিকীকরণ করা হয়েছে। নয় কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণকৃত বিএসসির মেরিন ওয়ার্কশপটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান।