নৌশ্রমিকদের আকস্মিক কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম অচল হয়ে পড়েছে। বহির্নোঙর থেকে পণ্য নিয়ে নদীপথে দেশের নানা জায়গায় আটকা পড়েছে ছোট জাহাজও। নদীপথে পণ্য পরিবহন অচল হয়ে পড়ায় মাশুল দিচ্ছেন আমদানিকারক ও শিল্প-কারখানার মালিকেরা।বর্ধিত বেতন-ভাতা পরিশোধ এবং নৌপথে নিরাপত্তা—এই দুই দাবিতে কর্মবিরতি পালন করছেন সাধারণ শ্রমিকেরা। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতি অব্যাহত ছিল গতকালও। এ পরিস্থিতিতে গতকাল বিকেল পর্যন্ত কর্মবিরতি নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।চট্টগ্রাম বন্দর ও লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট-ডব্লিউটিসি শেল সূত্রে জানা গেছে, কর্মবিরতির কারণে কুতুবদিয়ায় গভীর সাগরে এবং বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে ২০টি বিদেশি বড় জাহাজ। এসব জাহাজ প্রায় ছয় লাখ চার হাজার টন পণ্য নিয়ে ভাসছে সাগরে। আবার বড় জাহাজ থেকে খালাস করে নদীপথে এবং দেশের নানা স্থানের ঘাটগুলোতে ৩১৭টি ছোট জাহাজে আটকা পড়েছে তিন লাখ ১৯ হাজার টন পণ্য। জানতে চাইলে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, পণ্য খালাস না হলেও বন্দরের বহির্নোঙরে ২০টি বড় জাহাজ অলস বসে থাকায় প্রতিদিন তিন লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন আমদানিকারক ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা। সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।জানা গেছে, ছোট ও বড় জাহাজে ভাসতে থাকা পণ্যের মধ্যে রয়েছে ভোগ্যপণ্য চিনি, গম, ডাল ও লবণ। এ ছাড়া সার, শিল্পের কাঁচামাল সিমেন্ট ক্লিংকার, এইচআর কয়েল, জিপসাম, বিলেট, স্ল্যাগ, সোডা, লাইম স্টোন রয়েছে।এসব পণ্য আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বিএসএম গ্রুপ, প্রিমিয়ার গ্রুপ, এমআই সিমেন্টসহ অনেক আমদানিকারক। যেমন ‘এমভি সিএইচসি নম্বর-৩’ জাহাজে আছে বিএসএম গ্রুপের আমদানি পণ্য গম ও ডাল। জানতে চাইলে গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, যারাই কর্মবিরতি করুক মাশুল দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এই জাহাজটির পণ্য খালাস বন্ধ থাকায় প্রতিদিন ১৪ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আবার পণ্য আমদানি বাবদ সাড়ে ১৬ শতাংশ ব্যাংকের সুদও পরিশোধ করতে হচ্ছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে বড় আকারের পণ্যবাহী জাহাজ ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট আকারের জাহাজে পণ্যবোঝাই করে নদীপথে সারা দেশে পণ্য পরিবহন করা হয়। এই প্রক্রিয়ায় বহির্নোঙর থেকে গত বছর প্রায় দেড় কোটি টন পণ্য নদীপথে পরিবহন হয়।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের শ্রমিকেরা প্রস্তুত থাকলেও লাইটার জাহাজের শ্রমিকেরা কর্মবিরতির কারণে বহির্নোঙরে পণ্য খালাস হচ্ছে না। তবে বন্দরের জেটিতে পণ্য ওঠানো-নামানোসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।এদিকে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম প্রথম আলোকে বলেন, নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে মালিকপক্ষ গত ১১ জানুয়ারি শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত বেতন-ভাতা দেওয়ার বিষয়ে একমত হয়। কিন্তু মাত্র ৭০ শতাংশ মালিক বর্ধিত বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিকেরা নিজেরাই সব জাহাজে কাজ বন্ধ করে দিয়েছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, আগে প্রতিটি জাহাজ মাসে দুবার পণ্য পরিবহন করত। এখন দুই মাসে একবার ভাড়া পাচ্ছে। এক মাসের আয় দিয়ে দুই মাসের জাহাজ পরিচালন ব্যয়, ব্যাংকের কিস্তি, শ্রমিক মজুরি পরিশোধ করা জাহাজ মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না।