চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে চার মাস আলাপ-আলোচনার পর চট্টগ্রাম বন্দরের ১২টি জেটিতে কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানো-নামানো শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কাজের খাত অনুযায়ী শ্রমিকের সংখ্যাও (গ্যাং ফরমেশন) নির্ধারণ করা হয়েছে।বন্দর সূত্র জানায়, নতুন কাঠামোতে বেশির ভাগ ক্ষেত্রে আগের মজুরিই নির্ধারণ করা হয়েছে, বেড়েছে কয়েকটি খাতে। আবার কয়েকটি ক্ষেত্রে কাজের খাত অনুযায়ী শ্রমিকের সংখ্যাও বাড়ায় আগের চেয়ে বেশি শ্রমিক কাজ পাবেন। নতুন কাঠামো বন্দরের শ্রম-শান্তি নিশ্চিত করবে বলে বন্দর কর্তৃপক্ষ মনে করে।অন্যদিকে শ্রমিক নেতাদের মতে, নতুন এই মজুরিকাঠামো তাঁদের প্রত্যাশা পূরণ করেনি। ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, ‘পণ্যের দাম বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়েনি। যে মজুরি ঠিক করা হয়েছে তা ২০০৬ সালের অক্টোবরে নির্ধারিত কাঠামোর মতোই। সেটাই “নতুন মোড়কে” দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের হাত-পা বাঁধা। এ কারণে শ্রমিকদের বাঁচার স্বার্থে এখন এই সমঝোতা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই।’চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আনওয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নতুন মজুরিকাঠামোয় আগের চেয়ে শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে শ্রমিকদের জন্য কল্যাণমূলক অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হবে।সংশ্লিষ্ট সূত্রমতে, বন্দর কর্তৃপক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নতুন মজুরি ও শ্রমিকসংখ্যা নির্ধারণ করেছে। তবে শ্রমিকদের এই মজুরি পরিশোধ করবে গত বছর দরপত্রের মাধ্যমে জেটি পরিচালনার দায়িত্ব পাওয়া বেসরকারি অপারেটরগুলো। বন্দরের ১২টি জেটিতে কাজ করছে প্রায় এক হাজার ২০০ ডক শ্রমিক। এ ছাড়া স্টিভিডোরিং স্টাফ, ল্যাসিং-আনল্যাসিং এবং মার্চেন্ট শ্রমিকসহ প্রায় চার হাজার শ্রমিক কাজ করছেন চট্টগ্রাম বন্দর এলাকায়। নতুন মজুরিকাঠামো অনুযায়ী, কনটেইনার থেকে পণ্য খালাসের (আনস্টাফিং) জন্য ১৪ জনের দল গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে, যা আগে ছিল নয়জন। প্রতিটি ২০ ফুট কনটেইনার পণ্য খালাসে প্রতিদল শ্রমিক পাবেন এক হাজার ৭৫ টাকা। এ কাজের জন্য আগে বহিরাগত শ্রমিকেরা পেতেন ৫০০ টাকা।একইভাবে ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে পণ্য খালাসের ক্ষেত্রে শ্রমিকদের মজুরি আগের এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৬৭৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া দিনের এক পালায় আট ঘণ্টা কাজের সাধারণ মজুরি ২১৭ টাকা এবং রাতের দুই পালায় সাধারণ মজুরি ২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কনটেইনার জাহাজে প্রতি গ্যাং শ্রমিকের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১০ জন। প্রতি পালায় সর্বোচ্চ ২৫টি কনটেইনার ওঠানো-নামানোর জন্য এই মজুরি পাবেন শ্রমিকেরা। তবে এর চেয়ে বেশি কনটেইনারের ওঠানামা হলে প্রতি কনটেইনারের জন্য প্রত্যেক শ্রমিক পাঁচ টাকা করে পাবেন।বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, নতুন মজুরিকাঠামোয় বন্দরে শ্রম অসন্তোষ দূর করবে। প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিকদের নিয়োগ, মজুরি বাড়ানো এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু হলে গত বছর দফায় দফায় চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গত বছরের ১৩ অক্টোবর বন্দরে এক কোম্পানি সেনা মোতায়েন করা হলে কার্যক্রম আবার সচল হয়ে ওঠে। এখনো বন্দরে বাড়তি এক কোম্পানি সেনা মোতায়েন আছে।বন্দরে শ্রম-শান্তি নিশ্চিত করতে গত বছরের ২৫ অক্টোবর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত বছরের ১৫ নভেম্বর প্রতিবেদন জমা দেয়।ওই প্রতিবেদনের ভিত্তিতে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে শ্রমিক কল্যাণ মনিটরিং অ্যান্ড মিটিগেশন সেল (এসকেএমএমসি) গঠন করা হয়। বন্দর সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) মো. নজরুল ইসলামকে প্রধান করে গত ২৫ নভেম্বর আট সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি এখন শ্রমিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।