বছর শেষে চট্টগ্রাম বন্দরে চাহিদা অনুযায়ী যন্ত্রপাতির পাওয়ার হার বা সহজলভ্যতা বেড়েছে। কনটেইনারে আমদানি-রপ্তানি কমে যাওয়ায় জেটিতে ভেড়ার জন্য সাগরে নিয়মিত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না পণ্যবাহী জাহাজকে। বন্দরের দক্ষতা পরিমাপের এমন সূচকে অগ্রগতি হয়েছে এবার। তবে পশ্চাদমুখী সুবিধা না বাড়ায় দক্ষতার অনেক সূচকের অগ্রগতি থমকে আছে। যেমন, জাহাজ থেকে দিনে বা ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানোর হার বা উৎপাদনশীলতা একটি নির্দিষ্ট সূচকেই ঘুরপাক খাচ্ছে। বহির্নোঙরে জাহাজ অপেক্ষা করতে না হলেও জাহাজের গড় অবস্থান সময় (জাহাজ বন্দরে আসার পর থেকে পণ্য খালাস ও বোঝাই করে বন্দর ত্যাগ পর্যন্ত সময়) কমছে না। একইভাবে কনটেইনারের গড় অবস্থান সময়ও (ডুয়েল টাইম) আদর্শ মাত্রায় আনা যায়নি। বন্দর ব্যবহারকারীরা মনে করেন, বন্দরের দক্ষতা যত বাড়বে, ততই সুফল পাবেন বন্দর ব্যবহারকারীরা। যেমন, জাহাজের গড় অবস্থান যত কম হবে, ততই খরচ কমবে জাহাজ কোম্পানির। খরচ কমলে পণ্য পরিবহনের ব্যয়ও কমবে। শেষ পর্যন্ত এর সুফল পাবে ভোক্তারা। একইভাবে যন্ত্রপাতির সহজলভ্যতা, কনটেইনারের গড় অবস্থান কমে আসার মতো সূচকের অগ্রগতি আমদানিকারকদের সময় সাশ্রয়ের সুযোগ করে দেয়। আবার বার্থ (জেটির সামনে পানির অংশ, যেখানে জাহাজ ভিড়ে) ব্যবহারের হার ৭০ শতাংশের বেশি হলে নতুন জেটি তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে বন্দরকে নতুন জেটি তৈরির পরিকল্পনা হাতে নিতে হয়। এ কারণে দক্ষতার হিসাব খুবই গুরুত্বপূর্ণ।বন্দর পরিচালনা বোর্ডের সাবেক সদস্য হাদী হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বন্দর নিজে একা দক্ষতার চূড়ান্ত শিখরে উঠতে পারবে না। কারণ বন্দরের কর্মকাণ্ডে পশ্চাদমুখী সুবিধার গুরুত্ব বেশি। যেমন, বিশ্বের কোনো দেশে বন্দর ইয়ার্ডে একক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার (এফসিএল) খুলে পণ্য খালাস করা হয় না। এ কারণে উন্নত বিশ্বের বন্দরগুলোর দক্ষতা অনেক বেশি। কিন্তু আমাদের এখানে এখনো ৭৫ শতাংশ এফসিএল কনটেইনার খুলে পণ্য খালাস করা হয়। আবার বন্দর থেকে রেল ও সড়কপথে পণ্য পরিবহনব্যবস্থা গতিশীল হয়নি। নৌপথে কনটেইনার পরিবহন চালু হয়নি।’ এসব সুবিধার অভাব বন্দরকে সামনে যেতে দিচ্ছে না বলে মনে করেন তিনি। বন্দর দক্ষতার চিত্রে দেখা যায়, ২০১১ সালে বন্দরে যন্ত্রপাতির সহজলভ্যতা ছিল ৬৩ শতাংশ। গত কয়েক মাসে তা বেড়ে হয়েছে প্রায় ৭৫ শতাংশ। অর্থাৎ চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে আগের চেয়ে বেশি। নতুন যন্ত্রপাতি যোগ হওয়া এই সূচকের অগ্রগতির কারণ। বন্দরের বার্থ ব্যবহারের হারও সহনীয় মাত্রায় রয়েছে। গত বছর যেখানে বন্দরের বার্থ ৭৪ শতাংশ ব্যবহার হয় এখন সেখানে ব্যবহার হচ্ছে ৬০ শতাংশ। ফলে জাহাজজট নেই। অবশ্য বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাওয়ায় জাহাজের হার কমছে, ফলে বার্থও খালি থাকছে।এমন সাফল্যের পরিসংখ্যানে ভিন্ন চিত্রও আছে। যেমন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কনটেইনার জাহাজের গড় অবস্থান সময় ছিল প্রায় আড়াই দিন। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ২১ দিনে। এ বছর প্রথম ছয় মাসে ৩ দশমিক ১২ দিনেও নেমে আসে। অবশ্য গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই সূচক সাড়ে তিন দিনে দাঁড়ায়। এখন অবশ্য ৩ দশমিক ১৫ থেকে ১৮ দিনে ঘুরপাক খাচ্ছে। বন্দরের উৎপাদনশীলতার চিত্রে দেখা যায়, প্রতি ঘণ্টায় আধুনিক গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে প্রায় ১৫ বাক্স কনটেইনার ওঠানো-নামানো হয়। আবার শুধু জাহাজের ক্রেন ব্যবহার করে ঘণ্টাপ্রতি ১২ বক্স কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। গত কয়েক বছর এই সূচকের কোনো পরিবর্তন হয়নি। আমদানি পণ্যভর্তি কনটেইনারের গড় অবস্থান সূচকও এই বন্দরে এখনো বেশি। জাহাজ থেকে কনটেইনার নামানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বন্দর ফটক দিয়ে বের হওয়া পর্যন্ত সময় এখন গড়ে প্রায় ১৬ থেকে ১৭ দিন।বন্দরের গুরুত্বপূর্ণ এসব বিষয়ে পর্যালোচনার তাগিদ আছে বন্দরকেন্দ্রিক প্রথম দক্ষতার নিরীক্ষার প্রতিবেদনে। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় থেকে চট্টগ্রাম ও মংলা বন্দরের দক্ষতা মূল্যায়নের প্রাথমিক প্রতিবেদনেও এসব সূচক পর্যালোচনার সুপারিশ করা হয়েছে। ‘চিটাগং অ্যান্ড মংলা পোর্টস: মেইন ফ্যাক্টরস এফেকটিং অপারেশনস’ শীর্ষক দক্ষতার নিরীক্ষা প্রতিবেদনে (প্রাথমিক প্রতিবেদন) সুপারিশ করা হয়, বন্দরের দক্ষতা পরিমাপের যেসব সূচকের অগ্রগতি হচ্ছে না সেগুলো না হওয়ার কারণ পর্যালোচনা করা উচিত। অগ্রগতি না হওয়ার কারণে কী প্রভাব পড়ছে সেটিও নজরে আনা উচিত বলে ওই প্রতিবেদনে বলা হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার এসব বিষয় নিয়ে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘বন্দরের দক্ষতা বাড়ার জন্য আমরা নজর দিচ্ছি। তবে কিছু ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা রয়েছে। যেমন, কনটেইনার খুলে বন্দর ইয়ার্ড থেকে পণ্য খালাস বন্ধ হলে দক্ষতা অনেক বাড়বে। আবার রেলপথে কনটেইনার পরিবহনে যে ধীরগতি ছিল, সেটিও বিশেষ কর্মসূচির মাধ্যমে নিরসনের চেষ্টা চলছে। আগামী মার্চে নৌপথে কনটেইনার পরিবহনের জন্য নির্মিত পানগাঁও কনটেইনার টার্মিনাল উদ্বোধন হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্দরে কনটেইনার পরিবহনের বহুমুখী পথ তৈরি হবে। ফলে অগ্রগতি আরও বাড়বে সন্দেহ নেই।’