চট্টগ্রাম বাণিজ্য মেলা জমতে শুরু করেছে
থাই প্যাভিলিয়নের পিক অ্যান্ড পে স্টলের ব্যবস্থাপক ইসহাক মজুমদার জানালেন, ‘সন্ধ্যার পর থেকেই মেলায় নারী-পুরুষের ভিড় বাড়তে থাকে। সকালে শিক্ষার্থীরাই বেশি আসে।’ মেলায় বেচাবিক্রি প্রসঙ্গে তিনি বলেন যে বিক্রি ভালোই হচ্ছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড রেলওয়ে মাঠে আন্তর্জাতিক শিল্পপণ্য মেলা ঘুরে দেখা যায় নানা বয়সী দর্শনার্থীর সমাগম। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী এ মেলা শুরু হয় গত ২১ ফেব্রুয়ারি।গতকাল মেলার প্রবেশপথে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের দল বেঁধে ঢুকতে দেখা যায়। আরাফাত হোসেন ও আফরোজা নাজনীন দম্পতি এসেছেন নগরের আগ্রাবাদ এলাকা থেকে। আইডিএফের (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) স্টলে ওষুধ মেশানো মশারি কিনছিলেন। মেলায় মেঘনা গ্রুপের প্যাভিলিয়নের ছাদে ছোট ছেলেমেয়েদের জন্য বিনা মূল্যে থ্রি ডি মুভির ব্যবস্থা রাখা হয়েছে। সংশোধনী: গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর ১৪ পৃষ্ঠায় প্রকাশিত ‘চট্টগ্রাম বাণিজ্য মেলা ২০ ফেব্রুয়ারি শুরু’ শীর্ষক সংবাদে মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর নামের তালিকায় কাশ্মীরের নাম উল্লেখ করা হয়। মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নামের কোনো দেশ নেই ও মেলায় অংশ নেয়নি। মেলায় অংশ নিচ্ছে: থাইল্যান্ড, পাকিস্তান, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও কোরিয়া।