চট্টগ্রাম বাণিজ্য মেলা জমে উঠেছে
জমে উঠেছে ২০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। যত দিন গড়াচ্ছে, মেলায় বাড়ছে লোকসমাগম ও বিক্রি। এতে সন্তোষ প্রকাশ করেছেন মেলার আয়োজক ও অংশগ্রহণকারীরা।গতকাল বুধবার বিকেলে মেলায় বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক ভিড় ছিল। মেলা প্রাঙ্গণে ঢুকতেই নজর কাড়ে ‘ড্যান্সিং ফোয়ারা’। এর আশপাশে আনন্দে মেতে থাকে শিশুরা। আর বড়দের অনেককেই বিভিন্ন পণ্যের খোঁজে দেশি-বিদেশি স্টল-প্যাভিলিয়নগুলোতে ছুটতে দেখা যায়।মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ৩৫ হাজার লোকের সমাগম হচ্ছে। তবে এই সংখ্যা গত শুক্র ও শনিবার ছিল প্রায় ৫০ হাজার। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত মেলা নিয়ে আমরা সন্তুষ্ট। প্রচুর লোকসমাগম হচ্ছে, বিক্রিও ভালো।’মেলায় আসা গৃহিণী জান্নাতুল ফেরদৌস জানান, গতকালসহ তিনি মোট পাঁচবার মেলায় এসেছেন। কিনেছেন প্রসাধনসামগ্রী, থ্রি-পিস, জুতা, গয়না ইত্যাদি। তিনি বলেন, ‘বিদেশি পণ্যের দাম তুলনামূলক বেশি। দেশি পণ্যের দাম সব শ্রেণীর মানুষের নাগালের মধ্যে। থাইট্রেড ডট কম প্যাভিলিয়নের ব্যবস্থাপক মো. সোহাগ জানান, ছুটির দিনগুলোতে লোকসমাগম বেশি হয়। অন্যান্য দিনে মূলত বিকেলের পরই ক্রেতারা আসেন।ভেগার্স ফার্নিচারের বিক্রয় কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, মেলায় ভালো বিক্রি হচ্ছে। দেশি-বিদেশি উভয় ধরনের ক্রেতার কাছে বিশেষ করে নতুন ডিজাইনের সোফাসেট ও ডাইনিং টেবিলের চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইউনিলিভারের প্যাভিলিয়নের সমন্বয়কারী রেজাউল করিম জানান, মেলায় তাঁরা পণ্য বিক্রির চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন প্রচারণা ও সেবা প্রদানের দিকে। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হয় মাসব্যাপী এই মেলা। চলবে ২৪ মার্চ পর্যন্ত।