চট্টগ্রাম বাণিজ্য মেলায় এখনো স্টল তৈরির কাজ চলছে
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিন দিন আগে উদ্বোধন করা হলেও এখনো বেশির ভাগ স্টল ও প্যাভিলিয়ন তৈরি হয়নি। স্টল-প্যাভিলিয়নগুলোর ভেতরে আসবাব গোছানো ও সাজসজ্জার কাজ চলছে।মেলার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। এদের মধ্যে বেশির ভাগই ছিল আবার স্কুল-কলেজের শিক্ষার্থী। জেসমিন শাহেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘মেলায় এসে হতাশ হয়েছি। এখনো স্টলের কাজ চলছে।’ মেলা উদ্যাপন কমিটির কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আগামী দু-এক দিনের মধ্যে মেলার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে আশা করছি।’ নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী এই মেলা শুরু হয় গত সোমবার। তবে মেলাটি উদ্বোধন করা হয় আরও এক দিন আগে, রোববার।থাই প্যাভিলিয়নে খাবারের স্টল নেওয়া পিক এন পে সুপার শপের ব্যবস্থাপক ইসহাক মজুমদার জানান, ‘প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্দরের কনটেইনারে বেশ কিছু থাই পণ্য রয়েছে। সেগুলো এলেই প্যাভিলিয়ন আরও জমজমাট হবে।’ তবে এন মোহাম্মদ, আবুল খায়ের গ্রুপ, ড্যানিশ, হোম টেক্সটাইলস, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়িসহ আরও কিছু ছোট-বড় প্রতিষ্ঠান মেলার সাজে সেজেছে।হোম টেক্সটাইলসের মো. শিপলু জানান, তাঁরা ৫৫০ থেকে সাড়ে ১০ হাজার টাকা দামের বেডশিট বিক্রি করছেন মেলায়।রাজশাহী সিল্কের শাড়ি ৭০০ থেকে তিন হাজার ৫০০ টাকায় এবং থ্রি পিস ৩০০ থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। সিটিসেলের প্যাভিলিয়ন উদ্বোধন: এদিকে গতকাল মেলায় সিটিসেলের জুম আল্ট্রা প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়। এটির উদ্বোধন করেন সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি। এ সময় সিটিসেলের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় এক হাজার ৪৯০ টাকায় সিটিসেলের জুম আল্ট্রা প্রি-পেইড সংযোগসহ মডেম বিক্রি করা হচ্ছে। বাংলালায়ন: মেলায় বাংলালায়ন দুই হাজার ১২১ টাকায় নতুন সংযোগের সঙ্গে বিনা মূল্যে ২১২১ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ: মেলায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ কার্যক্রম চলছে। এর ব্যবস্থাপনায় রয়েছে এসকেপ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবী সমর দেওয়ান জানান, মেলার প্রথম দিনে তাঁরা প্রায় ২০০ ভোট সংগ্রহ করেন।