চট্টগ্রাম বাণিজ্য মেলায় জমজমাট বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল নামতেই টিকিট কাউন্টারের সামনে নগরের মেলাপ্রিয় নারী-পুরুষের দীর্ঘ সারি। সেই সুবাদে স্টল-প্যাভিলিয়নগুলোতেও বাড়তে থাকে ভিড়। হরতালসহ সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার পরও ধীরে ধীরে জমে উঠেছে চট্টগ্রামের ২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠানরত এ মেলার স্টল-প্যাভিলিয়নগুলোর কর্মকর্তা ও কর্মীরা জানান, দেশি-বিদেশি গৃহস্থালি সামগ্রী ও আসবাবের দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি। সরকারি ছুটির দিনে গতকাল রোববার অনেকে এসেছেন সপরিবারে, কেউ কেউ এসেছেন বন্ধুবান্ধব নিয়ে।সবান্ধবে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুলতানা বলেন, ‘মেলায় নানা দেশের পণ্য এক জায়গায় পাওয়া যায়। হরতাল থাকায় শুরুর দিকে আসতে পারিনি। এখন দলবেঁধে এসেছি। কিছু কিনেছি। বাকিগুলো দেখে যাব, পরে কিনব।’ মেলার প্লাস্টিকসামগ্রীর প্যাভিলিয়নগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। বিকিকিনিও ভালো বলে জানান বিক্রেতারা। আরএফএল, বেঙ্গল, এন মোহাম্মদ প্লাস্টিকের প্যাভিলিয়নে নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন নানা উপহার।বেঙ্গল প্লাস্টিকের কর্মী মো. আরিফ বলেন, মেলার শুরুর দিকে ক্রেতা সমাগম কম হলেও এখন বেশ বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা সামলাতে হিমশিম খেতে হয়। মেলায় বিভিন্ন পণ্যে ৫ থেকে ৬ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এবারে আসবাবের প্রতিষ্ঠানগুলোতেও ছাড়ের ছড়াছড়ি। এর মধ্যে পারটেক্স ২৫ শতাংশ, অটবি ২০ শতাংশ, হাতিল ৫-৩০ শতাংশ, ভেগাস ফার্নিচার ৫-১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।এবারের মেলায়ও ইরানি প্যাভিলিয়নকে ঘিরে ক্রেতাদের আগ্রহ লক্ষণীয়। সেখানে আকর্ষণীয় জুতা ও কাপড়ের খোঁজে নারীদের ভিড় লেগেই থাকে। অন্যান্য প্রতিষ্ঠানের স্টলেও জুতার বিক্রি উল্লেখযোগ্য।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত এ মেলা শুরু হয় ১ মার্চ, চলবে ৩০ মার্চ পর্যন্ত। এবারের মেলায় দেশের ৩৫০টি প্রতিষ্ঠানের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, চীন, তুরস্ক, ইরান ও পাকিস্তানের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সিসিসিআইয়ের সচিব ওসমান গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শুরু থেকে হরতাল থাকায় মেলায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে। এখন মেলা কিছুটা জমেছে। বেচাকেনাও ভালো হচ্ছে। আর হরতাল না হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছি।’