চট্টগ্রাম বিভাগে পুরস্কৃত হলেন ৫৬ করদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আয়কর দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগে ৫৬ জন করদাতাকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এই পুরস্কার তুলে দেন। চট্টগ্রামের আয়কর বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে আফছারুল আমীন বলেন, দেশে ১৫ কোটির বেশি মানুষ আছে। অথচ কর শনাক্তকরণ নম্বর রয়েছে মাত্র ২৭ লাখ। এটা দুঃখজনক। দেশ চালানোর জন্য সরকারকে সহযোগিতা করতে কর দেওয়া প্রয়োজন।অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) বেগম জাহান আরা সিদ্দিকী, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক, কর কমিশনার হাবিবুর রহমান আকন্দ, সুলতান মাহমুদ চৌধুরী ও হায়দার খান। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক।জাহান আরা সিদ্দিকী বলেন, আয়করের অর্জন যদি ঠিক থাকে তাহলে বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না।হুইপ মুজিবুল হক বলেন, ‘১৯৭৫-৭৬ সালে ৫১০ টাকা কর দিই। সেই থেকে আজ পর্যন্ত কর দিচ্ছি। গত অর্থবছরে ৪২ হাজার টাকা কর দিয়েছি।’কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক বলেন, আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী, সাতকানিয়া ও মিরসরাই উপজেলায় আয়কর অফিস খোলা হবে। আয়কর-সংক্রান্ত সব সমস্যা সমাধানের জন্য ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।এর আগে সকাল সাড়ে ১০টায় আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।