চট্টগ্রাম-ব্যাংকক পথে বিমান ১ জানুয়ারি থেকে উড়বে না
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম-ব্যাংকক রুট বা পথের চলাচল আগামী ১ জানুয়ারি থেকে স্থগিত হয়ে যাচ্ছে। এই পথে যাত্রীসংখ্যা ও পণ্য পরিবহনের পরিমাণ কম হওয়ায় বিমান কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে চট্টগ্রাম-ব্যাংকক পথে বিমানের চলাচল বন্ধের খবরে উদ্বেগ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বার। তারা এ পথে বিমানের চলাচল অব্যাহত রাখার দাবি জানায়।গতকাল বুধবার বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৭ মার্চ থেকে ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা পথে বোয়িং-৭৩৭ উড়োজাহাজ দিয়ে বিমানের ফ্লাইট বা উড্ডয়ন চালু করা হয়। কিন্তু গত নয় মাসে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করেও আশাব্যঞ্জক হারে যাত্রী ও পণ্য পরিবহন হয়নি। এখন পর্যন্ত প্রতিটি ফ্লাইটে গড়ে ৪৬ জন যাত্রী চট্টগ্রাম-ব্যাংকক পথে ও ৪৪ জন যাত্রী ব্যাংকক-চট্টগ্রাম পথে চলাচল করেছে। ১৬২ আসনবিশিষ্ট উড়োজাহাজে এত স্বল্পসংখ্যক যাত্রী পরিবহন বাণিজ্যিকভাবে আদৌ গ্রহণযোগ্য নয়।