চট্টগ্রাম-ব্যাংককে বিমানের চলাচল বন্ধের সিদ্ধান্তে বিজিএমইএর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-ব্যাংকক পথে চলাচলকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বা উড্ডয়ন বন্ধের সিদ্ধান্তে চট্টগ্রাম চেম্বারের পর এবার উদ্বেগ প্রকাশ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।এক বিবৃতিতে বিজিএমইএ বলেছে, এ ফ্লাইট বন্ধ করে দেওয়া হলে ব্যবসায়িক ক্ষেত্রে চট্টগ্রামের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কারণ, পশ্চিমা বিনিয়োগকারী ও ক্রেতারা চট্টগ্রামে আসার জন্য ব্যাংকককে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার এ বিবৃতি দেন। এতে তিনি বলেন, চট্টগ্রামে প্রায় ৮০০ পোশাকশিল্প কারখানা, বায়িং হাউস ও পোশাকশিল্প সংশ্লিষ্ট কারখানা রয়েছে। এসব কারখানা রপ্তানি আদেশ ও কাঁচামালের জন্য বহুলাংশে বিদেশি ক্রেতা ও সরবরাহকারীর ওপর নির্ভরশীল। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ক্রেতা ও সরবরাহকারীর কার্যালয় ব্যাংককে অবস্থিত। আর বিদেশি ক্রেতারা সরাসরি ব্যাংকক থেকে চট্টগ্রামে আসেন।নাসিরউদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানযোগে ব্যাংকক গিয়ে ব্যবসায়িক যোগাযোগ সম্পন্ন করেন। এই অবস্থায় বাংলাদেশ বিমানের চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম পথে ফ্লাইট বন্ধ হলে এ অঞ্চলের পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পে বিরূপ প্রভাব পড়বে ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ফ্লাইট বাতিল হলে বিদেশি ক্রেতারা চট্টগ্রামকে বাদ দিয়ে ঢাকামুখী হয়ে পড়বেন।