চট্টগ্রাম-মংলা ফিডার ভাড়া কমানোর পক্ষে শিপার্স কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের মধ্যে কনটেইনার ফিডার সার্ভিসকে কার্যকর করতে ভাড়া কিছুটা কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ শিপার্স কাউন্সিল। সংগঠনটি একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ শিপার্স কাউন্সিলের নবনির্বাচিত সভাপতি মো. রেজাউল করিম প্রথম আলোর সঙ্গে সম্প্রতি এক আলাপচারিতায় এ দুটি বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরেন।
রেজাউল করিম বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এ বছর ফেব্রুয়ারি মাস থেকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের মধ্যে কনটেইনার ফিডার সার্ভিস চালু করেছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। কেননা, এই সেবা সুবিধা নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে হিমায়িত মাছ, কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানির সুযোগটি ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন। পাশাপাশি আমদানীকৃত পণ্যও কম খরচে গন্তব্যে নিয়ে যেতে পারবেন।
তবে বিএসসি যে ফ্রেইট বা ভাড়া নির্ধারণ করেছে, তা তুলনামূলকভাবে বেশি উল্লেখ করে শিপার্স কাউন্সিলের সভাপতি আরও বলেন, বিএসসি কর্তৃপক্ষ ভাড়ার হার যুক্তিযুক্ত হারে নির্ধারণ করলে রপ্তানিকারকেরা উপকৃত হবেন। পাশাপাশি বিএসসিও লাভবান হবে।
বিএসসি প্রতি ২০ ফুট পণ্যবাহী কনটেইনারের জন্য ১২০ ডলার, একই মাপের হিমায়িক কনটেইনারের জন্য ১৫০ ডলার এবং খালি কনটেইনারের জন্য ৯০ ডলার ভাড়া নির্ধারণ করেছে।
রেজাউল করিম এ প্রসঙ্গে বলেন, ‘আমরা খালি কনটেনইনারের জন্য কোনো ভাড়া না নেওয়ার আরও কথা বলছি। পণ্যবোঝাই কনটেইনারের জন্য যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা ঠিক আছে।’
রেজউল করিম আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ হলে দেশের আর্থনীতিতে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে। এতে পণ্য পরিবহনে ব্যয় কমকে, কমবে উৎপাদন ব্যয়।
উল্লেখ্য, রপ্তানিকারকদের স্বার্থ সংরক্ষণ ও বাংলাদেশে কার্যরত সমুদ্রগামী জাহাজ কোম্পানিগুলোর স্থানীয় এজেন্টদের মধ্যে সমঝোতার জন্য ১৯৭৯ সালে সরকারি উদ্যোগে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।