চট্টগ্রাম-মালয়েশিয়া নৌপথে চালু হচ্ছে নতুন জাহাজসেবা
আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনের জন্য ‘মালয়েশিয়া বাংলাদেশ এক্সপ্রেস’ নামে নতুন জাহাজ সার্ভিস চালু হচ্ছে। নতুন এ সেবার আওতায় চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরে প্রতি সপ্তাহে একটি জাহাজে কনটেইনার আনা-নেওয়া হবে।
সিঙ্গাপুরভিত্তিক ফিডার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস ফিডারস’ নতুন এই সেবা চালু করছে। আওয়ামী লীগের নেতা সাংসদ সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান কনটেইনার টার্মিনাল সার্ভিসেসের (সিটিএস) সঙ্গে যৌথভাবে বাংলাদেশে ব্যবসা করছে ‘এক্সপ্রেস ফিডারস’। দেশে এটি ‘সি কনসোর্টিয়াম বাংলাদেশ লিমিটেড’ নামে ফিডার জাহাজ পরিচালনা করছে।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নতুন সেবা চালু হলে চট্টগ্রাম থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর হয়ে ইউরোপ ও আমেরিকাগামী রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনে অন্তত দুই-তিন দিন সময় কম লাগবে। বর্তমানে চট্টগ্রাম-পোর্ট কেলাং বন্দরে সিঙ্গাপুর হয়ে বেশির ভাগ কনটেইনার আনা-নেওয়া হয়। এতে দুই-তিন দিন বাড়তি সময় লাগে। ব্যবহারকারীরা জানান, নতুন সেবার কারণে বন্দর ব্যবহারকারীদের পছন্দের সুযোগও বাড়বে।
সি কনসোর্টিয়াম বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পোর্ট কেলাং থেকে প্রতি বুধবার চট্টগ্রাম বন্দরে ভিড়বে একটি জাহাজ। চট্টগ্রাম বন্দর ছাড়বে প্রতি শনিবার। ১৬ জুলাই পোর্ট কেলাং থেকে প্রথম জাহাজ চলাচল শুরু হবে।’