গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ‘বর্তমান সরকার চট্টগ্রাম শহরের ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্বার্থ সংরক্ষণে জাতীয় সংসদে একটি বিলও পাস করা হয়েছে। তবে যেসব ডেভেলপার আইন লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রাম ক্লাবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত তিন দিনব্যাপী এক আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।রিহ্যাবের কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার কারণে আবাসনশিল্পকে আরও বড় পরিসরে রূপ দিতে হবে। তবে সবকিছু আইন ও নিয়মানুসারে হতে হবে। দেশের প্রতিটি প্রধান শহরে জমির সীমাবদ্ধতা রয়েছে। তাই রিহ্যাব সদস্যদের শুধু প্রধান শহরকেন্দ্রিক না থেকে মফস্বল শহরেও কাজের সম্প্রসারণ ঘটাতে হবে।আবদুল মান্নান খান রিহ্যাবকে উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় সরকারের একার পক্ষে আবাসন সমস্যার সমাধান নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে রিহ্যাবকে সরকারের সঙ্গে মিলে এই সমস্যার সমাধান করতে হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ এম আবু সুফিয়ান। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার হোসেন, সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, মেজর (অব.) জামশেদুল আলম প্রমুখ।