চট্টগ্রাম শেয়ারবাজারে সূচক কমেছে ৯৭ পয়েন্ট
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে বাজারের সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট কমে গেছে। অথচ গত মঙ্গলবার সিএসইতে সূচকের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ছিল। গতকাল সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে ১০৩টিরই দাম কমেছে, বেড়েছে ৮৫টির আর দাম অপরিবর্তিত ছিল পাঁচটির। বিশ্লেষকেরা বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেয়ারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি ব্যাংক ও ব্রোকারেজ হাউসের মাধ্যমে স্বল্পতম সময়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়ার ব্যবস্থা চালুর কথা বলেন। এতে আইপিওতে বিনিয়োগ করা টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকবে না। গতকাল দিনের শুরুতে লেনদেনে বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা যায়। কিন্তু দুপুরের পর তাতে কিছুটা ভাটা পড়ে। আবু হানিফ নামে এক বিনিয়োগকারী বলেন, ‘এখনো বুঝতে পারছি না বাজার পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে।’ আর আলতাফ হোসেন নামের অপর এক বিনিয়োগকারী একটু দেখেশুনে বিনিয়োগ করতে চান। জানা গেছে, গতকালও কয়েকটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের বাগিবতণ্ডা হয়েছে।সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এসইসির বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমা মেনে গ্রাহকদের ঋণ দিতে হবে—এটি বাধ্যতামূলক কোনো বিষয় নয়। এ নিয়ে ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে।’শেয়ারের দাম কমার পাশাপাশি গতকাল সিএসইতে লেনদেনও কমেছে। দিন শেষে প্রায় ১৫১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২১ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে গতকাল দাম বাড়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল স্কয়ার টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইলস, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, মেঘনা সিমেন্ট, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংক, প্রাইম ইনস্যুরেন্স ও বাটা শু।