চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৫৯২ কোটি ৬৬ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। গত অর্থবছরে মোট বাজেট ছিল ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকা।
আজ রোববার দুপুরে আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়র আ জ ম নাছির উদ্দীন এই বাজেট ঘোষণা করেন। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় খাতে নিজস্ব উৎস থেকে মোট প্রাপ্তি ধরা হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৪২ হাজার টাকা। এর মধ্যে গৃহকর খাতে আয় ধরা হয়েছে ৫৫০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকা। বকেয়া কর খাতে ২৪২ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা ও সম্পদ হতে অর্জিত আয় ধরা হয়েছে ৭২ কোটি ১২ লাখ টাকা। এ ছাড়া উন্নয়ন অনুদান খাত থেকে আয় ধরা হয়েছে ৯৮৫ কোটি ১০ লাখ টাকা।
এবারের অর্থবছরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় ধরা হয়েছে ৬৩০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে বেতন–ভাতা ও পারিশ্রমিক খাতে ব্যয় হবে ২৭৮ কোটি ৩৬ লাখ টাকা। মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯৫ কোটি ৪৫ লাখ টাকা এবং বিদ্যুৎ, জ্বালানি ও পানিতে ৪৫ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১২১ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বর্তমান অর্থবছরের বাজেটকে বাস্তব ও ব্যতিক্রমী উল্লেখ করে বলেন, এ বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।