চট্টগ্রামে আইডিএলসির পরিবেশবান্ধব কার্যালয়

চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে পরিবেশবান্ধব শাখা কার্যালয় চালু করেছে আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ষষ্ঠ তলায় গতকাল বৃহস্পতিবার সকালে শাখাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজ আল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, দেশের ব্যাংক ও আর্থিক খাতে প্রথম পরিবেশবান্ধব কার্যালয় হচ্ছে আইডিএলসির চট্টগ্রাম শাখা অফিস।
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) কমার্শিয়াল ইন্টেরিয়র শ্রেণিতে ‘লিড গোল্ড সনদ’ অর্জন করেছে এই কার্যালয়। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। গত নভেম্বরে আইডিএলসি এই স্বীকৃতি পায়।
আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, পরিবেশবান্ধব এই কার্যালয়ের ৯৯ দশমিক ৭৪ শতাংশ আলো প্রাকৃতিক উৎস থেকে আসে। কার্বন নিঃসরণ কম। এই শাখার মাধ্যমে গ্রাহকদের বহুমাত্রিক আর্থিক ও অর্থবহির্ভূত সেবা প্রদানের অঙ্গীকার করেন তিনি।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যের ইতিহাস টেনে বলেন, খাতুনগঞ্জে একসময় মুখে মুখে কোটি কোটি টাকা লেনদেন হতো। এখনো হয়। তবে সেখানকার কিছু কিছু ঋণ এখন ‘খারাপ ঋণ’ হয়ে যাচ্ছে। এ বিষয়ে নজর দেওয়া উচিত।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বিএসআরএম গ্রুপের পরিচালক তাহের আলী, পিএইচপি গ্রুপের পরিচালক আলী হোসেন, আইডিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান ফারুক মইনুদ্দিন আহমেদ, পরিচালক আতিকুর রহমান, কামরুল হাসান, এম এহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৭ হাজার ৭০০ কোটি টাকার সম্পদ এবং ১৩৪ কোটি টাকার নিট মুনাফা নিয়ে আইডিএলসি এখন বাংলাদেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান।