চট্টগ্রামে আজ বাণিজ্য মেলা শুরু
হরতাল-অবরোধের মধ্যে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘চট্টগ্রাম আন্তর্জাতিক মেলা ২০১৫’। চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে এ মেলা।
এ উপলক্ষে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির আহ্বায়ক ও চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম। এ সময় চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মাহবুবুল হক চৌধুরী, সৈয়দ ছগীর আহমদ উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম বলেন, ‘দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়েছে। গত বছরের মেলায় প্রায় ৫০ লাখ লোকসমাগম হয়েছিল। এবার হরতাল-অবরোধের মধ্যেও ৭৫ লাখ লোকসমাগম হবে বলে আশা করছি।’ খুব শিগগির রাজনৈতিক সমস্যা নিরসন হবে বলে আশা করেন তিনি।
চেম্বার সভাপতি আরও বলেন, দেশে উৎপাদিত পণ্য রপ্তানির বড় সুযোগ এই বাণিজ্য মেলা। মেলায় অংশগ্রহণকারীদের প্রচলিত পণ্য থেকে বেরিয়ে নতুন পণ্য আনার আহ্বান জানান তিনি।
নুরুন নেওয়াজ সেলিম জানান, দেশীয় শিল্পের প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ২২ বছর ধরে আন্তর্জাতিক মেলা আয়োজন করে আসছে। এতে বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্যের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হয়। পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে।
আয়োজকেরা জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ বিকেলে এ মেলার উদ্বোধন করবেন। প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে মেলা। এতে প্রায় ৪০০ প্রতিষ্ঠান ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টলে তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করবে। এবারে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, তুরস্ক, ইরান ও পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।