চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

বন্দরনগর চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগাং হোটেলে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক পর্যটন মেলা।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৬’ শীর্ষক এ মেলার আয়োজক। মেলাটি কাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারে মেলার টাইটেল স্পনসর হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম মেলাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির, পেনিনসুলা চিটাগাং হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের বিক্রয় ও বিপণন পরিচালক গাজী সালাহউদ্দিন।
বিমান সংস্থা, ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক, হোটেল-রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, কক্ষ ভাড়া ও অন্যান্য পণ্য-সেবার দামের ওপর বিশেষ ছাড় দিচ্ছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ার তাদের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। রুম ভাড়ায় কক্সবাজারের লংবিচ হোটেল ৫০ শতাংশ, ওশান প্যারাডাইস ৪০ শতাংশ ও সিগাল হোটেল ৩৫ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে। ট্যুর অপারেটর অ্যাক্টিভেশন ট্যুরিজম ভ্রমণ প্যাকেজে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে এবং বেস্ট বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্যাকেজ ক্রেতাদের সৌজন্যমূলক ট্যুরিস্ট ভিসা অফার করছে।
মাহবুবুল আলম তাঁর বক্তব্যে দেশে পর্যটনশিল্পের উন্নয়নে চট্টগ্রাম অঞ্চলে যোগাযোগব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বেসরকারি বিমান সংস্থাগুলোকে চট্টগ্রাম থেকে ব্যাংকক, কুয়ালালামপুর প্রভৃতি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বা উড্ডয়ন চালুর পরামর্শ দেন।
কাজী ওয়াহিদুল আলম বলেন, চট্টগ্রাম যেহেতু বাংলাদেশের পর্যটনের প্রাণকেন্দ্র, সেহেতু এ অঞ্চলে পর্যটনশিল্পের উন্নয়নে একটি স্বতন্ত্র কমিটি গঠন করা আবশ্যক। বিজ্ঞপ্তি।