চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
বন্দরনগর চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১২ শুরু হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।মেলায় বিভিন্ন বিমান সংস্থা, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজনকারীসহ ১৮টি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। মেলাটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। একই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন বিশেষ অতিথি ও বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সারাথ কে ভেরাগোদা সম্মানীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলার আয়োজক ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মেলাটি সবার জন্য প্রতিদিন ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আয়োজক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এব তথ্য জানানো হয়েছে। দি বাংলাদেশ মনিটর চতুর্থবারের মতো আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এই মেলার ব্যাংকিং পার্টনার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পৃষ্ঠপোষক হয়েছে।