চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ
ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর-এর উদ্যোগে বন্দরনগর চট্টগ্রামে অষ্টমবারের মতো আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। এটি অনুষ্ঠিত হবে পেনিনসুলা চিটাগাং হোটেলে। এতে বিমান সংস্থা, ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক, হোটেল-রিসোর্ট, বিনোদন পার্কসহ পর্যটন ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ২০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৬ নামের এ মেলার টাইটেল স্পনসর হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। এ ব্যাপারে বাংলাদেশ মনিটর ও ইউএস-বাংলা এয়ার একটি সমঝোতা স্মারক সই করেছে। এতে ইউএস-বাংলা এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সই করেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও হ্রাসকৃত মূল্যে বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, বিমান টিকিট ও হোটেল রুমের ভাড়ায় ছাড় দেবে। বিজ্ঞপ্তি।