চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মঙ্গলবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামী মঙ্গলবার থেকে মাসব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের আয়োজনে নগরের হালিশহর আবাহনী মাঠে দ্বিতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার। উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক মো. আবদুল আউয়াল, লিয়াকত আলী চৌধুরী, এ এ মালেক, সৈয়দ আহসানুল আলম পারভেজ, শফিক উদ্দিন, আবদুস ছালাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে এ এম মাহবুব চৌধুরী জানান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও দেশীয় পণ্যের অভ্যন্তরীণ বাজার বাড়ানোই এ মেলার প্রধান উদ্দেশ্যে। বাংলাদেশের বড় রপ্তানিকারক শিল্পগোষ্ঠীগুলো এ মেলায় অংশ নেবে।
আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১৮৪টি স্টল থাকবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা।