চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ণাঢ্য উদ্বোধন
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১১ গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে মেলা শুরু হবে আজ সোমবার থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।উদ্বোধন উপলক্ষে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক বন্দরে রূপান্তর করা হবে যেন এ বন্দরকে ভারত, ভুটানসহ আশপাশের সব দেশ ব্যবহার করতে পারে।’ আর এ লক্ষ্যে বন্দরের অবকাঠামো ও যন্ত্রপাতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে গভীর সমুদ্রবন্দর তৈরির কাজও এগিয়ে চলছে।উদ্বোধন উপলক্ষে মেলার প্রবেশপথ এবং এর চারপাশে ছিল উৎসবের সাজ। তৈরি হয়েছে দৃষ্টিনন্দন বিশাল তোরণ। শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র। আর মাঠের ভেতর গড়ে উঠছে সুদৃশ্য স্টল। সে কাজেই ব্যস্ত লোকজন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও র্যাব সদস্যরাও তাঁদের প্রস্তুতি নিচ্ছেন।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলা কমিটির কো-চেয়ারম্যান এস এম মাহবুবুল ইসলাম ও জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার।ফারুক খান বলেন, ‘বর্তমান সরকারের আমলে চট্টগ্রামে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।’ তিনি এ প্রসঙ্গে দুই বছরের মধ্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করা এবং এখানে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া চট্টগ্রামের মাধ্যমে বাংলাদেশ এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়া এবং উচ্চশিক্ষায় বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে এখানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যানের কার্যক্রম চালুর কথাও বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক দিন আগে চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্প পাস হয়েছে একনেকের বৈঠকে। পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্যে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এবারের মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। মেলায় ভারত, পাকিস্তান, ইরান, আরব আমিরাত, কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পপণ্য থাকবে। এতে ৩৬টি প্যাভিলিয়ন ও ২৬৩টি স্টল রয়েছে।