স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বন্দর নগর চট্টগ্রামে আলাদা একটি তৈরি পোশাকশিল্প পার্ক স্থাপনের আশ্বাস দিয়েছেন।
তোফায়েল আহমেদ বলেছেন, মুন্সিগঞ্জের বাওশিয়ার পোশাকশিল্প পার্ক স্থাপনের জন্য চীনের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তারা ২৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। তিন বছরের মধ্যে শিল্প পার্কটির কাজ শেষ হবে। এটি হলে সেখান থেকে বছরে ৩০০–৫০০ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি হবে। তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, বাওশিয়ার মতো চট্টগ্রামেও পোশাকশিল্প পার্ক হবে।’
চট্টগ্রামে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি অ্যাক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। নগরীর র্যা ডিসন ব্লু হোটেলে তিন দিনের এই প্রদর্শনী শুরু হয়েছে।
ঢাকায় গত ডিসেম্বরে আয়োজিত অ্যাপারেল সামিটে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সেই ধারাবাহিকতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, ট্রেড মনিটরিং গ্রুপ ফর সাউথ এশিয়ার প্রধান সাজ্জাদ করিম, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রদর্শনীতে ৬৬টি স্টল আছে। এর মধ্যে তৈরি পোশাকের ১০টি, ফেব্রিকসের একটি, পোশাকশিল্পের সরঞ্জাম নিয়ে দুটি, যন্ত্রপাতির ১৯টি, অগ্নিনির্বাপণ যন্ত্রের ২৬টি ও সেবাদান প্রতিষ্ঠানের সাতটি স্টল আছে। আর বিজিএমইএর আছে একটি স্টল।