চট্টগ্রামে আয়কর মেলার বিবরণী দাখিল বাড়ছে
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম ভবনে আয়কর মেলায় করদাতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। গতকাল বৃহস্পতিবার মেলার পঞ্চম দিনে রাজস্ব আদায় হয়েছে প্রায় ২১ কোটি টাকা। মেলার নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত এক ঘণ্টা কর আদায় করা হয়। নতুন-পুরোনো সব করদাতাই মেলার মাধ্যমে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ ও আয়কর বিবরণী দাখিলকে সবচেয়ে নিরাপদ ও ঝামেলাহীন মনে করছেন। আর এ জন্য সবাই দলে দলে ছুটে আসছেন মেলায়।মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলার অভ্যর্থনা ও সহায়তা ডেস্কের পাশাপাশি ব্যাংক ও বিভিন্ন কর অঞ্চলের বুথে ছিল করদাতাদের ভিড়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘১৬ বছর চাকরি করার পর আমি এবারই কর দেওয়ার উপযোগী হয়েছি। আমার কাছে মনে হয় মেলায় কর দেওয়া সবচেয়ে সহজ। কারণ, এ জন্য বাইরের কারও সহযোগিতার দরকার হয় না। নিজে নিজেই সব কাজ করা যায়। এখানে নিয়োজিত আয়কর বিভাগের কর্মকর্তারা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।’ মিজান টিআইএন সনদ নিয়ে এবারই প্রথম আয়কর বিভাগে করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন। চট্টগ্রাম আয়কর মেলা-২০১২ উদ্যাপন কমিটির সভাপতি কর কমিশনার মো. দবির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিশেষ করে যাঁরা নির্ঝঞ্ঝাটভাবে কর দিতে চান, সে রকম মানুষজনই বেশি আসছেন।’ মেলার শেষ দুই দিন অর্থাৎ আজ শুক্র ও আগামীকাল শনিবার মেলায় করদাতাদের উপস্থিতি বাড়বে মনে করে লোকবল বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। ‘আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি’ এ স্লোগানে ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরের মতো চট্টগ্রামে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয় আয়কর মেলা। আয়কর রিটার্ন জমা দিতে আসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন আহমেদ মাওলা বলেন, ‘মেলায় অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাওয়া যায়। কর নিরূপণ, ব্যাংক ড্রাফটের জন্য এদিক-ওদিক ছোটাছুটির প্রয়োজন পড়ে না। একই জায়গায় সব সুবিধা পাওয়া যায়।’ আয়কর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মেলার পঞ্চম দিনে রাজস্ব আয় হয়েছে ২১ কোটি তিন লাখ ৩১ হাজার। এর মধ্যে ই-পেমেন্টের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ছয় লাখ ছয় হাজার। আর পাঁচ দিনে সর্বমোট রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার টাকা। গতকাল পর্যন্ত সাত হাজার ৬৮ জন পুরোনো করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। দুই হাজার ৮৮ জন নতুন করদাতা টিআইএন সনদ নিয়ে আয়কর বিভাগে নিবন্ধিত হয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলছে।