চট্টগ্রামে ইন্দোনেশীয় শিল্পপণ্যের বর্ণাঢ্য প্রদর্শনী শুরু
বন্দরনগর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম এলাকায় ইন্দোনেশীয় শিল্পপণ্যের তিন দিনের এক বর্ণাঢ্য প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।‘ইন্দোনেশিয়ান এক্সপো’ শীর্ষক তিন দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশীয় রাষ্ট্রদূত জেট মির্জাল জয়েনউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক গোলাম সরওয়ার এবং চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি ও চট্টগ্রামে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত অনারারি কনসাল মনোয়ারা হাকিম আলী উপস্থিত ছিলেন। দিলীপ বড়ুয়া বলেন, এটি দুই দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে, যা আগামী দিনে বন্ধুপ্রতিম দুটি দেশের শিল্পবাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রদর্শনীতে ইন্দোনেশিয়ায় উৎপাদিত আসবাব, হস্তশিল্পসামগ্রী, বাটিক, অটোমোবাইল প্রভৃতি পণ্যের ২০টি স্টল রয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।এই শিল্পপণ্য প্রদর্শনী উপলক্ষে স্টেডিয়ামের জিমনেসিয়াম এলাকা সাজানো হয়েছে বিচিত্র সাজে। প্রদর্শনীস্থলে ঢুকতেই চোখে পড়ে চারপাশের সাজসজ্জার অভিনবত্ব। ‘তারি পছন্দ বাহার’ নামে স্বাগত নৃত্যের মাধ্যমে প্রদর্শনী শুরু হয়। এরপর একে একে পরিবেশিত হয় ইন্দোনেশিয়ার লোকনৃত্য এবং উৎসব ও বিয়ের নাচ। গান করেন সে দেশের জনপ্রিয় শিল্পী মুকরিন মোহাম্মদ।