দেশের সর্বত্র রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসের ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে ‘রাজস্ব যাত্রা’ শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল বুধবার রাতে অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ৩০ সদস্যের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে গেছে। এনবিআর ফেব্রুয়ারি মাসকে ‘পার্টনারশিপ’ বা অংশীদারত্ব মাস ঘোষণা করেছে। এ মাসে সব অংশীজনের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্পর্কে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইআরএফের সদস্যরা প্রথমবারের মতো রাজস্ব যাত্রায় অংশ নেওয়া সংগঠনটিকে ধন্যবাদ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি রাজস্ববিষয়ক প্রচারণামূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইআরএফ সদস্যদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামে আগামীকাল শেষ হবে এনবিআর-ইআরএফের ‘রাজস্ব যাত্রা’।