চট্টগ্রামে এলএনজি স্টেশন করতে চায় ইরান
চট্টগ্রামে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) স্টেশন স্থাপনে বিনিয়োগ করতে চায় ইরান সরকার। একই সঙ্গে ইরানের চাবাহার সমুদ্র বন্দরের পাশের শিল্পাঞ্চলে বাংলাদেশ ও ইরানের যৌথ বিনিয়োগে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনে আগ্রহী দেশটির সরকার।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি এই আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম চালুর বিষয়ে ঐকমত্য হয়।
এ ছাড়া বাংলাদেশ সরকারি পর্যায়ে ইউরিয়া সার আমদানির আগ্রহ ব্যক্ত করলে ইরান এতে সম্মত রয়েছে বলে জানান রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি। এ সময় শিল্পমন্ত্রী এক মাসের মধ্যে প্রক্রিয়াটি শুরু করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। একই সঙ্গে রাষ্ট্রদূতকে চট্টগ্রামে এলএনজি প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী ১৫ দিনের মধ্যে সমন্বিত প্রস্তাব দিতে বলা হয়।
ইরানের রাষ্ট্রদূত ঢাকা বাণিজ্য মেলায় ইরানি উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত স্টলের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেন। শিল্পমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।