চট্টগ্রামে এসএমই ব্যাংকিং মেলা শুরু
ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যাংকঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং মেলা। গতকাল মঙ্গলবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক নারী এসএমই বাণিজ্য মেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন হয়। মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার। চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জাব্বার চৌধুরী, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোসাঙ্গীর, জহিরুল আলম, বাংলাদেশ ইন্সপায়ার্ড কম্পোনেন্ট ১ ও ২ বি-এর টিম লিডার আলী সাবেত, উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী, ভাইস প্রেসিডেন্ট আইভী হাসান, মেলা কমিটির চেয়ারম্যান রেখা আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বারের নেতারা নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রক্রিয়া সহজ করতে ব্যাংকগুলোকে আহ্বান জানান। এ ধরনের মেলা নারী উদ্যোক্তাদের ঋণ পেতে সহায়তা করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারের লক্ষ্যে ২০১০ সালে এসএমই বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর গত পাঁচ বছরে ২ লাখ ১২ হাজারের বেশি নারী উদ্যোক্তাকে ১৪ হাজার ২৫৪ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। আগামী পাঁচ বছরে এ সংখ্যা আরও তিন গুণ হবে। ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের নানা ধরনের সুবিধা দিচ্ছে। কিন্তু নারী উদ্যোক্তাদের ব্যাংক-ভীতি দূর করতে হবে।
এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং মেলায় ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।