চট্টগ্রামে এয়ার সেপারেশন প্ল্যান্ট করবে জিপিএইচ
চট্টগ্রামে ‘এয়ার সেপারেশন প্ল্যান্ট’ স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত। গত সোমবার নতুন এ প্ল্যান্ট স্থাপনে জিপিএইচ ইস্পাতের আছাদগঞ্জ কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চীনের সিচুয়ান এয়ার সেপারেশন প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের (এসএএসপিজি) চুক্তি হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে বলা হয়, নতুন এ কারখানায় শিল্পকারখানা, মেডিকেলসহ নানা কাজে ব্যবহারের জন্য অক্সিজেন, নাইট্রোজেন ও আর্গন (নিষ্ক্রিয় গ্যাস) গ্যাস ও তরল আকারে উৎপাদন করা হবে। কারখানাটির উৎপাদনক্ষমতা হবে দৈনিক ২৫০ মেট্রিক টন। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় এ কারখানা স্থাপন করা হবে। ২০১৮ সালের জানুয়ারি মাসে কারখানার উৎপাদন শুরু হবে। কোম্পানির ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এই প্ল্যান্ট স্থাপন করা হবে।
চুক্তিতে সই করেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল ও চীনের এসএএসপিজির ভাইস জেনারেল ম্যানেজার শান কাই। এ সময় জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, মিডিয়া উপদেষ্টা ওসমান গনি চৌধুরী, প্রকল্প-প্রধান এ এস এম সুমন, নির্বাহী পরিচালক এ বি সিদ্দিক, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, উৎপাদনক্ষমতার দিক থেকে এই কারখানা হবে বাংলাদেশের সবচেয়ে বড়। শিল্প খাত, মেডিকেলসহ নানা কাজে ব্যবহারের জন্য এই কারখানার উৎপাদিত পণ্য স্থানীয়ভাবেও বাজারজাত করা হবে। এই কারখানায় কর্মসংস্থান হবে ৫০০ জনের। বছরে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ২৫ কোটি টাকারও বেশি।