চট্টগ্রামে করদাতাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জিইসি মোড়ে জিইসি কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী আয়কর মেলা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে উদ্বোধনের সময় মেলায় ছিল অতিথিদের ভিড়। আর উদ্বোধনের পর থেকে সাধারণ করদাতাদের ভিড় বাড়তে দেখা গেছে।

উদ্বোধনের পর মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি কর অঞ্চলের জন্য আলাদা আলাদা বুথ খোলা হয়েছে। এ ছাড়া করদাতারা যাতে মেলায় আয়কর জমা দিতে পারেন, সে জন্য সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথও রয়েছে। এ ছাড়া কাস্টমস, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও সঞ্চয় পরিদপ্তরের বিভিন্ন সেবা প্রদানের জন্য বুথ খোলা হয়েছে। মেলায় ৪২টি বুথ রয়েছে।

উদ্বোধনের আধঘণ্টা পর মেলায় এসেছেন ক্ষুদ্র ব্যবসায়ী মাহফুজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আয়কর অফিসের চেয়ে মেলার পরিবেশ অনেক বেশি করদাতাবান্ধব থাকে। এ কারণেই মেলায় সেবা নিতে এসেছি।’

মেলা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেন গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রথম আলোকে বলেন, প্রথম দিন বিকেল পর্যন্ত আয়কর আদায়ের পরিমাণ ৩০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মেলায় করদাতাদের ভিড় থাকার কারণে আজ নির্ধারিত সময় বিকেল পাঁচটার পরও মেলা চত্বর খোলা রাখা হচ্ছে।

এর আগে সকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আয়কর আদায়ে ভয়ভীতি না দেখিয়ে বন্ধুসুলভ পরিবেশ সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মো. খলিলুর রহমান বলেন, যাঁরা কর দেন, তাঁদের ওপর চাপ না দিয়ে নতুন করদাতা সৃষ্টি করতে হবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতিবছর একজন ব্যবসায়ীর সমান লাভ না-ও হতে পারে। লোকসানও হতে পারে। এটা বিবেচনায় নিতে হবে। হয়রানি হলে ব্যবসায়ীরা কর দিতে আগ্রহী হবেন না। তিনি বলেন, দেশে তিন কোটি লোক ব্যবসা করেন। এ হিসেবে অন্তত ৫০ লাখ লোক কর দেওয়ার সামর্থ্য রাখেন। অথচ করদাতা মাত্র ২৬ লাখ।

মেলা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ সাবিহা মুসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি মো. শফিকুল ইসলাম, নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রামের কমিশনার (কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট) সৈয়দ গোলাম কিবরিয়া, কর আইনজীবী সমিতির সভাপতি কে এম জয়নাল আবেদীন, কর কমিশনার মো. নজরুল ইসলাম ও প্রদ্যুৎ কুমার সরকার।