চট্টগ্রামে কাল পোশাকশিল্প প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের তৈরি পোশাকশিল্পের পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ প্রদর্শনী উদ্বোধন করবেন। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এই প্রদর্শনীর আয়োজন করেছে।
বন্দরনগরের বিজিএমইএ ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। ‘চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন-কাফেক্সপো’ শীর্ষক আয়োজনটি এবার ১২তম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ৫০টি স্টলে ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি খলিলুর রহমান, এস এম আবু তৈয়ব ও নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বর্তমান পরিচালক আবদুল ওয়াহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদি, সাব্বির মোস্তফা ও অঞ্জন শেখর উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন আহমেদ বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর পোশাকশিল্প এখন কঠিন সময় পার করছে। ডলারের বিনিময়মূল্য হ্রাস ও ইউরোপে অর্থনৈতিক মন্দা এ খাতকে প্রতিযোগী দেশের তুলনায় অসুবিধাজনক অবস্থানে ঠেলে দিয়েছে।