চট্টগ্রামে চিনির দাম বেড়েছে কেজিপ্রতি ২-৩ টাকা
চট্টগ্রামের খুচরা বাজারে চিনির দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়ে গেছে। আসন্ন ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে শুল্কহার বাড়ানোর কারণে বাজারে এর প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান। রেয়াজউদ্দিন বাজারের খুচরা বিক্রেতা মো. ইউনুছ প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার খুচরা পর্যায়ে কেজিপ্রতি চিনি বিক্রি হয় ৩৯ থেকে ৪০ টাকা দরে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় গতকাল শনিবার বিকেল থেকে খুচরা বাজারে ৪২ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে।অন্যদিকে নগরের অন্যতম প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার পাইকারি বাজারে চিনির কেজিপ্রতি দাম ছিল ৩৬ টাকা ৭৬ পয়সা। গতকাল কেজিতে ৭৫ পয়সা দাম বেড়ে কেনাবেচা হয় ৩৭ টাকা ৫১ পয়সা।খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে সরবরাহ আদেশের চিনি ছাড় করানোসহ মণপ্রতি দাম দাঁড়ায় এক হাজার ৪৭০ টাকা দরে। অর্থাৎ খুচরা দোকানিদের প্রতি কেজি চিনির ক্রয় মূল্য দাঁড়ায় ৩৯ টাকা ৩৮ পয়সা।