চট্টগ্রাম শহরে নির্মাণাধীন দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ববাণিজ্য কেন্দ্র আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধন করা হবে।গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেন।চেম্বারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে এই বাণিজ্যকেন্দ্র। নগরের আগ্রাবাদে চেম্বার ভবনে অনুষ্ঠিত বার্ষিক সভায় সংগঠনের বিদায়ী সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদসহ নবনির্বাচিত পরিচালকেরা উপস্থিত ছিলেন।সভায় নতুন সভাপতি জানান, চেম্বারের কর্মকাণ্ড আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে দুই বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।বিদায়ী সভাপতি চেম্বারের কর্মকাণ্ড গতিশীল করতে গত দুই বছরে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন।চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকেরা গত রোববার সংগঠনের ২০১৩-১৪ সাল মেয়াদি পর্ষদের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেন।