চট্টগ্রামে তিন দিনব্যাপী winve মেলা শুরু হচ্ছে আজ থেকে
আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম ক্লাব চত্বরে শুরু হচ্ছে রিহ্যাবের তিন দিনব্যাপী আবাসন মেলা। চট্টগ্রামে চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।এ উপলক্ষে নগরের একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক ও রিহ্যাব চট্টগ্রাম অধ্যায়ের চেয়ারম্যান মেজর (অব.) জামসেদ হাসান। এ সময় মেলার স্থায়ী কমিটির চেয়ারম্যান মুরাদ ইকবাল চৌধুরী, মিডিয়া কমিটির চেয়ারম্যান প্রকৌশলী জাহিদ হোসেন ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৯৭টি স্টল থাকছে। মেলার পাশাপাশি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে ৫০ টাকা। মেলা আয়োজনে ১৪টি আবাসন শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা করছে।সংবাদ সম্মেলনে রিহ্যাবের নেতারা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও পরিকল্পনার অভাবে দেশের গৃহায়ণশিল্পেও বিরূপ প্রভাব পড়ছে। অনিশ্চয়তার কারণে এই শিল্পে বিনিয়োগে মানুষ উত্সাহ হারাচ্ছে। হ্রাস পাচ্ছে ক্রেতাদের আগ্রহও। তাই মেলা আয়োজনের মাধ্যমে তাঁরা এই স্থবিরতা কাটানোর আশা দেখছেন বলে জানান।