চট্টগ্রামে তিন দিনব্যাপী কাফেক্সপো মেলা শেষ
চট্টগ্রামে পোশাকশিল্পের পণ্যের তিন দিনব্যাপী প্রদর্শনী ‘কাফেক্সপো’ গতকাল শনিবার শেষ হয়েছে। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়ামে এ মেলার আয়োজন করে তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ।প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুঃসময় থেকে পোশাকশিল্পের উত্তরণ ঘটেছে। পোশাকশিল্প আগে ছিল ক্রেতার বাজার। এখন বিক্রেতাদের বাজার। দক্ষ শ্রমিক ছাড়া এ বাজার হাতে রাখা যাবে না। এ জন্য পোশাকশিল্পের মালিকদের পাশাপাশি সরকারও দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নিতে পারে।বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন বিএনপির নেতা জাফরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও দ্বিতীয় সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।প্রদর্শনীর সেরা স্টল হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো—ওয়েল গ্রুপ ফেব্রিকস অ্যান্ড এক্সেসরিজ, লিবার্টি পলিজোন গার্মেন্টস এক্সেসরিজ বাংলাদেশ লিমিটেড ও নাফ ওভারসিজ প্রাইভেট লিমিটেড।