চট্টগ্রামে তিন দিনব্যাপী তৈরি পোশাকশিল্পের প্রদর্শনী শেষ
চট্টগ্রামে তিন দিনব্যাপী পোশাকশিল্পের প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। মেলার শেষ দিন দেশি-বিদেশি ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।নগরের ইনডোর স্টেডিয়ামে ‘চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক অ্যান্ড একসেসরিজ এক্সপোজিশন’ (কাফেক্সপো) শীর্ষক এই মেলার আয়োজন করে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।এবারের মেলায় দেশি-বিদেশি ৩৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। ক্রেতাদের আকৃষ্ট করে রপ্তানি বাড়াতে প্রতিবছর এই মেলার আয়োজন করে বিজিএমইএ।মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি এন্ড্রু বার্নড। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।সেমিনার: মেলার সমাপনী অনুষ্ঠানের আগে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে তৈরি পোশাকশিল্প নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন শিল্প মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।সেমিনারে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিটিজেডের কর্মসূচি সমন্বয়ক ডেটরিচ স্টজ, টেকনোপ্যাকের জ্যেষ্ঠ পরামর্শক গৌতম মুখার্জি ও সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম।