চট্টগ্রামে তিন দিনের কাফেক্সপো উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম চিটাগাং অ্যাপারেল ফ্যাব্রিকস অ্যান্ড একসেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো) গতকাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার বন্দর নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসপল্লি গড়ে তোলা হবে। তা ছাড়া শ্রমিকদের সারা বছর রেশন দেওয়ার বিষয়টিও নতুন করে চিন্তাভাবনা চলছে।’অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, নাশকতা কমাতে সরকার শিল্প-কারখানায় জনবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে। শিল্পোদ্যোক্তাদের দাবি অনুযায়ী শিল্প-পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব। কাফেক্সপোতে দুটি বিদেশি প্রতিষ্ঠানসহ মোট ৬০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এতে তৈরি পোশাক খাতে ব্যবহূত সর্বশেষ আধুনিক যন্ত্রপাতি ছাড়াও তথ্যপ্রযুক্তি, ফ্যাব্রিকস, সেবা সংস্থার যন্ত্রপাতি ও সেবা প্রদর্শন করা হয়।