বাজারে ব্যাপকহারে গোখাদ্যের দাম বাড়ায় এবং গরুর অ্যানথ্রাক্স বা তড়কা রোগ নিয়ে গুজব ও আতঙ্ক দেখা দেওয়ায় চট্টগ্রামের ডেইরি বা দুগ্ধশিল্পে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এই শিল্পের উদ্যোক্তারা জানান, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা পাতাভুসির দাম গত জানুয়ারি মাসে যেখানে ৪৫০ টাকা ছিল, সেখানে সেপ্টেম্বরে এসে তা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ টাকায়। একইভাবে প্রতি বস্তা আটার গুঁড়ার দামও নয় মাসের ব্যবধানে ৪০০ টাকা থেকে বেড়ে ৯২০ টাকায় উন্নীত হয়েছে। সেই সঙ্গে মুগ পাউডার ৬৫০ টাকা থেকে বেড়ে এক হাজার ১৫০ টাকায় এবং সয়াবিনও এক হাজার ৭০০ টাকা থেকে দুই হাজার টাকায় উঠেছে। উদ্যোক্তারা বলেন, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশুখাদ্যের দাম ১০০ শতাংশের মতো বাড়লেও দুধ বিক্রি হচ্ছে সেই জানুয়ারির দামেই। তখন পাইকারি বাজারে প্রতি কেজি ৩০ থেকে ৩৬ টাকা ও খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হতো, যা এখনো হচ্ছে।চট্টগ্রামের কর্ণফুলী পশ্চিম পটিয়া ডেইরি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ হারুন চৌধুরী প্রথম আলোকে জানান, ২০টি গাভির খাদ্য কিনতে গত জানুয়ারির চেয়ে এখন তাঁর প্রতি মাসে ৪০ হাজার টাকা বেশি খরচ হচ্ছে। অথচ একই সময়ে দুধের দাম এক পয়সাও বাড়েনি। সরেজমিনে খোঁজ নিতে গেলে বালুচড়া ভূঁইয়া ডেইরি ফার্মের স্বত্বাধিকারী নাঈম উদ্দিন জানান, অনেক আগে তাঁর একটি গাভি মারা গিয়েছিল। পশু চিকিৎসকেরা মরা গরুটি পরীক্ষা করে স্বাভাবিক মৃত্যু বলে শনাক্ত করেন। এর বেশ কিছুদিন পরে তড়কা রোগের খবর বের হয়। তখন তাঁর গাভিটি এ রোগেই মারা যায় বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে বাসাবাড়িতে তাঁর ফার্মের দুধ বিক্রি বন্ধ হয়ে যায়। এতে তিনি বাধ্য হয়ে সস্তায় মিষ্টির দোকানে দুধ বিক্রি করেন। বাসাবাড়িতে যেখানে প্রতি কেজি প্যাকেটজাত দুধ ৫০ টাকা বিক্রি হতো, সেখানে মিষ্টির দোকানে তা ৩৬ টাকায় বিক্রি করতে হচ্ছে। সাবেক জেলা পশুসম্পদ কর্মকর্তা ও চট্টগ্রাম এগ্রোবেজড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রজেক্টের (এটিডিপি) সাবেক প্রকল্প পরিচালক রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, তড়কা রোগে আক্রান্ত কোনো গাভির দুধ সংগ্রহ করার কোনো সুযোগই নেই। কারণ যে গাভি এ রোগে আক্রান্ত, সেটি অতি দ্রুত মারা যায়। খামারমালিকেরা জানান, প্রতিবছর কোরবানির সময়ই সাধারণত পশুখাদ্যের দাম কিছুটা বাড়লেও এবার প্রায় ১০ মাস আগে থেকেই অব্যাহতভাবে বাড়ছে। সিন্ডিকেট করে পশুখাদ্যের দাম বাড়ানো হয়েছে। খামারিরা অভিযোগ করেন, সকালে দোকানে গেলে দেখা যায় কোনো গোখাদ্য নেই। অথচ দুপুরে গেলে দোকানভর্তি গোখাদ্য থাকে। দোকানিরা সকালে খাদ্যসংকটের গুজব তুলে দুপুরে দাম বাড়ান। চট্টগ্রাম ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালিক মোহাম্মদ ওমর বলেন, অন্য বছরগুলোতে বিশেষ করে কোরবানির মৌসুমে পশুখাদ্যের দাম সর্বোচ্চ ৩৫ শতাংশের মতো বাড়লেও এবার যা বেড়েছে তা অকল্পনীয়। এতে প্রতি কেজি দুধের উৎপাদন মূল্য গড়ে ছয় থেকে সাত টাকা বেড়ে গেছে। তিনি আরও বলেন, ‘উন্নত দেশেও ডেইরি শিল্পে ভর্তুকি দেওয়া হয়। আমরা তা চাই না। পশুখাদ্যের সিন্ডিকেট থেকে আমরা মুক্তি পেতে চাই।’ চট্টগ্রামের পশ্চিম পটিয়া, কর্ণফুলী, চান্দগাঁও ও হাটহাজারীসহ কয়েকটি এলাকায় গত এক যুগে ব্যাপকহারে ডেইরি শিল্পের বিকাশ ঘটেছে। এসব খামার থেকে প্রতিদিন গড়ে ৫০ হাজার লিটার দুধ চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করা হয়।