চট্টগ্রামে নতুন বিনিয়োগে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিনিয়োগ করার ক্ষেত্রে দেশি-বিদেশি ব্যবসায়ী-উদ্যোক্তাদের আগ্রহে ভাটা পড়েছে। নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব ক্রমাগত কমে যাওয়ার পরিসংখ্যানে তারই প্রতিফলন ঘটেছে। অথচ বিনিয়োগ করার জন্য সরকার বিভিন্ন রাজস্ব প্রণোদনা অব্যাহত রেখেছে।
বিনিয়োগ বোর্ডের চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ সালে চট্টগ্রামে প্রস্তাবিত বিনিয়োগের মোট পরিমাণ ছিল প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। আর আগের দুই বছরে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল পৌনে ছয় হাজার কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে নিবন্ধিত ৩৮টি প্রকল্পে ৩৪২ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব এসেছে। আবার ২০১১ সালে যেখানে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ছিল ১০০ কোটি টাকার, ২০১২ সালে তা ছিল ৫০ কোটি টাকা। আর গত বছর প্রস্তাব আসে মাত্র ১৯ কোটি ৩৩ লাখ টাকার।
স্থানীয় বিনিয়োগকারীরা এ জন্য গ্যাস, বিদ্যুৎ-সংকট, জমির অভাবসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও ব্যাংকের উচ্চহারের সুদকে দায়ী করেছেন।
অবশ্য প্রস্তাবিত বিনিয়োগের বিপরীতে শেষ পর্যন্ত প্রকৃত বিনিয়োগের চিত্রটি স্পষ্ট জানা যায়নি। অর্থাৎ বাস্তবে কী পরিমাণ বিনিয়োগ হয়েছে এবং নিবন্ধিত কতটি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই।
যোগাযোগ করা হলে বিনিয়োগ বোর্ডের চট্টগ্রাম বিভাগের পরিচালক মাহবুব কবীর জানান, নিবন্ধিত শিল্পের ৮০ থেকে ৯০ শতাংশ প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত উৎপাদনে যেতে পারে। তিনি বলেন, ‘নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই আমাদের কাছে আমদানি অনুমতির সনদপত্র (ইমপোর্ট পারমিশন সার্টিফিকেট) নেওয়ার আবেদন করে। আমরাও সুপারিশ করি। বিনিয়োগে না গেলে নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো এ আবেদন করত না।’
তবে ব্যবসায়ীরা দাবি করছেন গ্যাস ও বিদ্যুতের অভাবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো উৎপাদনে যেতে পারছে না। চট্টগ্রাম চেম্বারের হিসাব অনুসারে, গত সাত বছরে বিনিয়োগ করা ২৬টি শিল্পপ্রতিষ্ঠান এখনো গ্যাস-সংযোগ পায়নি। বিকল্প জ্বালানির খরচও ব্যাপক। এ ছাড়া নির্দিষ্ট শিল্প এলাকা না থাকায় উপযুক্ত জমি পাওয়া কঠিন। তাই বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। এর সঙ্গে ছিল গত বছরের রাজনৈতিক অস্থিরতা।
ঠিক সময়ে উৎপাদনে যেতে না পারলেও ব্যাংকের সুদ টানতে হবে এ ভয়েও অনেকে বিনিয়োগে যাচ্ছেন না বলে জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। প্রথম আলোকে তিনি বলেন, ‘চার বছর ধরে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান গ্যাস-সংযোগ পায়নি। আগে সংযোগ পাওয়া কারখানাগুলোও গ্যাস-সংকটে হিমশিম খাচ্ছে। গ্যাস-বিদ্যুৎ নেই, ইন্ডাস্ট্রিয়াল জোন নেই। ব্যাংকের সুদের হার উচ্চ। পুরোনো বিনিয়োগকারীরাই তো লাভ তুলতে পারছেন না, নতুন বিনিয়োগ আসবে কোথা থেকে? ’
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলামও উদ্যোক্তাদের বক্তব্যের সঙ্গে একমত। আস্থাহীনতার কারণে বিনিয়োগ কমছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক থেকে ১৭-১৮ শতাংশ সুদে ঋণ নিয়ে মুনাফা করাটা কঠিন। অবকাঠামোগত সুবিধা না থাকায় গ্যাস, বিদ্যুৎ, পানি বা জমি পাওয়ার জন্য তাঁদের কোটি কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। এতসব বাধা থাকলে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলাটাই স্বাভাবিক।’