চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাল শুরু
চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চতুর্থ আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে আগামীকাল বুধবার।এসএমই ফাউন্ডেশন এবং চট্টগ্রাম উইমেন চেম্বার যৌথভাবে ‘ইন্টারন্যাশনাল উইমেনস এসএমই এক্সপো বাংলাদেশ-২০১০’ শীর্ষক মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে।মেলা উপলক্ষে গতকাল সোমবার নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় উইমেন চেম্বারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন উইমেন চেম্বারের সহসভাপতি ও মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান খালেদা এ আউয়াল। এতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি মনোয়ারা হাকিম আলী। এতে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি গুলশানা আলী, পরিচালক কোহিনুর আলম ও শারমিন হোসেন এবং মেলা কমিটির কো-চেয়ারম্যান রেখা আলম।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন মহিলা উদ্যোক্তা অংশ নেবেন। এ ছাড়া দেশের বাইরে থেকে ইরান, পাকিস্তান ও ভারতসহ কয়েকটি দেশের মহিলা উদ্যোক্তারা অংশ নেবেন। সব মিলিয়ে মেলায় ৪০০টি স্টল ও ১০টি প্যাভিলিয়ন থাকবে।মেলাটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মেলার প্রবেশমূল্য ধার্য করা হয়েছে ১০ টাকা।