চট্টগ্রামে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নিজস্ব ভবনে কাজ শুরু করেছে। নগরের পাহাড়তলী এলাকায় ১৩ তলার এ ভবনটি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।এ ছাড়া কাল শুক্রবার নগরের সল্টগোলা এলাকায় বিজিএমইএর একটি বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএর নেতারা এসব তথ্য জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। বক্তৃতা করেন সাবেক প্রথম সহসভাপতি খলিলুর রহমান, মো. এরশাদ উল্লাহ, বিজিএমইএর নেতা ফরহাদ আব্বাস প্রমুখ।সম্মেলনে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের প্রায় ২২ কাঠা জমির ওপর বিজিএমইএর এই নিজস্ব ভবনের ছাদ নির্মাণের কাজ শেষ হয়েছে। তৃতীয় ও চতুর্থ তলা এখন ব্যবহার করা যাবে। মাত্র এক লাখ টাকা প্রতীকী মূল্যে এ জায়গাটি রেলওয়ে থেকে ইজারা নেওয়া হয়।বিজিএমইএর নেতারা বলেন, বিজিএমইএর আঞ্চলিক কার্যালয় ছাড়াও এখানকার বিভিন্ন তলায় বিজিএমইএর ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট, বিভিন্ন গার্মেন্টস ও বায়িং হাউসের কার্যালয়, অ্যাপারেল ক্লাব, হেলথ ক্লাব থাকবে। এ ছাড়া থাকবে ৩০০ আসনবিশিষ্ট একটি কনভেনশন হল।জানানো হয়, নগরের সল্টগোলায় নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এটি প্রাথমিকভাবে ২৫ শয্যাবিশিষ্ট হলেও পরে ১০ তলা ভবনে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। এখানে প্রসূতিসেবা, বিনা মূল্যে চিকিৎসা, ওষুধ সরবরাহ, প্যাথলজিসুবিধা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে বর্তমানে বিজিএমইএর যেসব চিকিৎসাকেন্দ্র রয়েছে, সেগুলোতেও চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।