চট্টগ্রামে পণ্যবাহী উড়োজাহাজ চলাচল এখন বন্ধ
মধ্যপ্রাচ্যের সঙ্গে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পণ্যবাহী কার্গো বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও কাস্টমসের আয় কমেছে। গত কয়েক মাসে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে বলে দুটি বিদেশি বিমান সংস্থার সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রমতে, দুবাই থেকে এমিরেটস এবং আবুধাবি থেকে ইত্তেহাদ নামের দুটি বিমান সংস্থার পণ্যবাহী উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর রুটে পণ্য পরিবহন করে আসছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের পাঠানো মালামাল স্বজনদের কাছে হস্তান্তর নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এ কারণে গত বছরের ১০ নভেম্বর এমিরেটস এবং সর্বশেষ ৩ ফেব্রুয়ারি ইত্তেহাদ পণ্যবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়।
এমিরেটস ও ইত্তেহাদের স্থানীয় গ্রাউন্ড সার্ভিস এজেন্ট (জিএসএ) প্রতিনিধি মোরশেদুল আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মধ্যপ্রাচ্যের দেশ থেকে প্রবাসীরা পণ্য পাঠানো বন্ধ করে দেওয়ায় এমিরেটস ও ইত্তেহাদ চট্টগ্রাম বিমানবন্দরে পণ্যবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়।
মোরশেদুল আলম আরও বলেন, এমিরেটস ও ইত্তেহাদ সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করে আসছিল। চট্টগ্রাম বিমানবন্দরে পণ্যবাহী উড়োজাহাজ একবার অবতরণ করলে বাংলাদেশ বিমান সাড়ে সাত লাখ টাকা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাড়ে চার লাখ টাকা পেত। এ ছাড়া শুল্ক বিভাগ পেত রাজস্ব। ওয়্যার হাউসের ভাড়াও হাতছাড়া হয়ে গেছে। ফলে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবহার এখন কেবল যাত্রী পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, কাস্টমস কর্তৃপক্ষ প্রবাসীদের পাঠানো মালামালে ‘বাণিজ্যিক প্রকৃতির অস্তিত্ব’ পাওয়ার অভিযোগে প্রবাসীদের মালামাল খালাস বন্ধ করে দেয়। ফলে নভেম্বর থেকে প্রায় ৬০০ টন পণ্য চট্টগ্রাম বিমানবন্দরে পড়ে আছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলের সংজ্ঞার দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে, ‘ব্যাগেজ’ অর্থ কোনো যাত্রী কর্তৃক আমদানি করা যুক্তিসংগত পরিমাণের খাদ্যদ্রব্য, পরিধেয়, গৃহস্থালি অথবা অন্যবিধ ব্যক্তিগত সামগ্রী। আর তৃতীয় অনুচ্ছেদে বলা আছে, ‘যাত্রী’ অর্থ বিদেশ থেকে আসা কোনো যাত্রী।
ইত্তেহাদের স্থানীয় প্রতিনিধি বলেন, সর্বশেষ ৩ ফেব্রুয়ারি মাত্র ৩৫৬ কেজি মালামাল নিয়ে ইত্তেহাদের বোয়িং-৭৭৭ নামের পণ্যবাহী উড়োজাহাজটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অথচ এই উড়োজাহাজের পণ্য পরিবহনের ক্ষমতা ১০৬ মেট্রিক টন। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ইত্তেহাদ আবুধাবি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীদের পণ্য পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিল। আর এমিরেটস ২০১২ সালের ১২ ডিসেম্বর দুবাই থেকে প্রথম পণ্যবাহী উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে পাঠায়। বোয়িং-৭৪৭ নামের পণ্যবাহী এই উড়োজাহাজটি সপ্তাহে দুবার অবতরণ করে আসছিল। এটির ১২৬ টন পণ্য পরিবহনের ক্ষমতা আছে। পণ্যের অভাবের কারণে এই বিমান সংস্থা গত বছরের ১০ নভেম্বর চট্টগ্রামের সঙ্গে উড়াল বাতিল ঘোষণা করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. রিয়াজুল কবির এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কাস্টমস বিভাগের আইনগত জটিলতার কারণে নভেম্বর থেকে মালামাল খালাস বন্ধ রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের আবুধাবি ও দুবাই থেকে এমিরেটস ও ইত্তেহাদ নামের পণ্যবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয় কমেছে।
চট্টগ্রাম কাস্টমস সূত্র বলছে, বিমানবন্দরে পড়ে থাকা পণ্য চালান আমদানি বিধিমালার সঙ্গে সংগতিপূর্ণ বলে প্রতীয়মান হয়নি। বিভিন্ন চালানে বাণিজ্যিক প্রকৃতির অস্তিত্ব পাওয়া গেছে। তাই ব্যাগেজ ঘোষণায় আমদানি হলেও তা খালাস দেওয়া বন্ধ আছে।
সংযুক্ত আরব আমিরাত কার্গো অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আলম তৌহিদ প্রথম আলোকে বলেন, মধ্যপ্রাচ্যে লাখ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। কোনো যাত্রী দেশে গেলে তাঁর অনেক পরিচিত ব্যক্তি বা আত্মীয়রা স্বজনদের জন্য মালামাল দিয়ে থাকেন। এসব মালামাল কার্গো বিমানে পাঠানো হয়। কাস্টমস কর্তৃপক্ষ এতে নাকি বাণিজ্যিক প্রকৃতি খুঁজে পেয়েছে। কিন্তু যুক্তিসংগত মালামাল বলতে কী পরিমাণ, তা কাস্টমস কর্তৃপক্ষ ঠিক করে দিক।